রোনালদোর ফেরার ম্যাচে হারল ইউনাইটেড
<![CDATA[
সর্বশেষ ২০০২-০৩ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ের হয়ে একবারই ইউরোপা লিগে খেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ২০ বছর পর এই টুর্নামেন্টে ফেরাটা সুখকর হয়নি তার জন্য। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচেই ১-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউরোপা লিগের ২০২২-২৩ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের পঞ্চম মিনিটেই ইউনাইটেডের নতুন ব্রাজিলিয়ান ফুটবলার কাসেমিরোর ক্রস থেকে লক্ষ্যভেদ করার সুযোগ পেয়েছিলেন রোনালদো। তবে প্রতিপক্ষের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে সে যাত্রায় অক্ষত থেকেছে সোসিয়াদাদের দুর্গ।
আরও পড়ুন: দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পেলের আবেগঘন পোস্ট
ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচের আবহ। ১৪তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন রোনালদো। পুরো ম্যাচেই রোনালদোর সুযোগ হাতছাড়া করার দৃশ্য ছিল বেশ চোখে পড়ার মতো। বেশ কয়েকবার নিজের প্রতি বিরক্তিও প্রকাশ করতে দেখা গেছে তাকে।
ম্যাচের ৩৭তম মিনিটে দুর্দান্ত এক হেডে লক্ষ্যভেদ করেছিলেন রোনালদো, তবে অফসাইডের ফাঁদে পড়ায় বাতিল হয়ে যায়। এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি ইউনাইটেডের ফুটবলাররা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি পায় সোসিয়েদাদ। প্রতিপক্ষ ফরোয়ার্ডের জোড়ালো শট স্লাইড দিয়ে ক্লিয়ার করতে গেলে হাতে লাগে ইউনাইটেডের আর্জেন্টাইন ফুটবলার মার্টিনেজের।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ /সেরা একাদশে জায়গা হয়নি মেসি-নেইমারের
স্পটকিক থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন সোসিয়াদাদের ব্রাইস মেনডেস। গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড ফুটবলাররা। একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিপক্ষের রক্ষণে। তবে গোল করতে ব্যর্থ হয় ইউনাইটেড। ফলে ইউরোপা লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলদের।
]]>




