রোহিতের ব্যাটিংয়ে মুগ্ধ রাহুল
<![CDATA[
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছে ভারত। ম্যাচ চলাকালীন একটি ক্যাচ নিতে গিয়ে আঙুলে গুরুতর আঘাত পান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে সেই চোট নিয়েও দলের জয়ের জন্য নয় নম্বরে নেমে ব্যাটিং করেছেন। আর তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে এদিন ব্যাটিং করার সময় ইনিংস সূচনা করতে পারেননি রোহিত শর্মা। তবে দলকে জেতাতে নয় নম্বরে নেমে যান ভারতের অধিনায়ক। শেষ দিকে নেমে ৩ চার ও ৫ ছক্কায় ২৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। তবুও দলকে জেতাতে পারেননি তিনি।
তবে ম্যাচ হারলেও রোহিতের প্রশংসা করেছেন রাহুল দ্রাবিড়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘এরকম সাহসিকতা দেখানোর ব্যাপারটি ছিল অসাধারণ। তার আঙুল গুরুতরভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটি ঠিক করতে হয়েছে, হাতে সেলাই দিতে হয়েছে। তারপর কয়েকটি ইনজেকশন নিয়ে পরে ব্যাটিংয়ে নেমেছে।’
আরও পড়ুন: টানা দুই ম্যাচ হারের পর যা বললেন রোহিত
তিনি আরও বলেন, ‘পুরো কৃতিত্ব রোহিতের। সে মাঠে নামতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল এবং দেখতে চাচ্ছিল কী হয়, সুযোগটা নিতে চাচ্ছিল। সে আমাদের যেভাবে কাছাকাছি নিয়ে গেল, তা দুর্দান্ত। অধিনায়কের ব্যাট থেকে এটি ছিল অসাধারণ এক ইনিংস। ওই অবস্থায় মাঠে নামার দারুণ সাহসিকতা দেখিয়েছে এবং আমাদের সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।’
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করতে পারলেও আঙুলের ইনজুরি গুরুতর হওয়ায় তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। শঙ্কা রয়েছে তার টেস্ট ম্যাচ খেলা নিয়েও।
শনিবার (১০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
]]>




