লালপুলে ১ হাজার ৬শ ৬০ পিস ইয়াবাসহ পাইকারী কারবারি আটক
ফেনীর লালপুলে মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬শ ৬০ পিস ইয়াবাসহ পাইকারী ইয়াবা কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে লালপুল ফুটওভার ব্রিজের নিচে অবস্থান করে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের নেতৃত্বে একটি টিম। বেলা সাড়ে বারোটায় একটি যাত্রীবাহী বাস থেকে এক ব্যক্তির নেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ সময় তার দেহ তল্লাশি করে ১ হাজার ৬শ ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদ আবুল কাশেমের ছেলে মোহাম্মদ আলম (২৬)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, আটককৃত মোহাম্মদ আলম মিয়ানমার থেকে পাইকারী ইয়াবা এনে ঢাকায় নিয়ে বিক্রি করতো।




