লেভানদোভস্কির নৈপুণ্যে ফের চেনা ছন্দে বার্সেলোনা
<![CDATA[
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের দুঃখ ভুলে জয়ের ধারায় ফিরেছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। সাবেক দলের বিপক্ষে সহজ সুযোগ মিসের হতাশা ভুলে ফের জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানদোভস্কি। এই পোলিশ তারকার দারুণ নৈপুণ্যে লা লিগায় বড় জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এদিন জোড়া গোল করেছেন লেভানদোভস্কি। কাতলান ক্লাবটির পক্ষে বাকি গোলটি করেন মেমফিস ডিপাই। ম্যাচের প্রথমার্ধে এলচের এক খেলোয়াড় লাল কার্ড পাওয়ায় অধিকাংশ সময় দলটি ১০ জন নিয়ে খেলেছে।
ক্যাম্প ন্যুয়ে স্বাগতিক বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি পয়েন্ট তালিকার তলানির দলটি। ম্যাচের অধিকাংশ সময় বল ছিল বার্সেলোনার দখলে। বল বার্সেলোনার দখলে থাকলেও ম্যাচের প্রথম ১২ মিনিট কাতালান দলটিকে ভালোই সামলে রেখেছিল এলচে। তবে এরপরই নিজেদের বিপদ বাড়ায় তারা।
আরও পড়ুন:লেভানদোভস্কি ম্যাজিকে বড় জয় বার্সেলোনার
সতীর্থের পাস নিয়ন্ত্রণে নিতে এলচের ডিফেন্ডার ভেরদুর চ্যালেঞ্জ এড়াতে গিয়েছিলেন লেভা। কিন্তু তাকে বাধা দিতে গিয়ে টেনে ফেলে দেন ভেরদু। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে ১০ জনের দলে পরিণত হয় এলচে।
১০ জনের দলে পরিণত হয়ে এলচে আর আটকাতে পারেনি বার্সেলোনার আক্রমণের ঝড়। ম্যাচের ২০ মিনিট পার হওয়ার পর টানা তিনটি দারুণ সুযোগ পায় তারা। তবে সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন দেম্বেলে-লেভা জুটি।
তবে টানা আক্রমণের সুফল মেলে দ্রুতই। ৩৪ মিনিটে লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বার্সা। লেফট-ব্যাক আলেসান্দ্রো বালদের পাঠানো বল খুব কাছে থেকে টোকা দিয়ে জালে পাঠান তিনি।
এই নিয়ে লা লিগায় টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পান এই পোলিশ তারকা।
গোল খেয়ে আর খেলায় ফিরতে পারেনি এলচে। সাত মিনিট পর বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই। এই গোলের কারিগরও ১৮ বছর বয়সী লেফট-ব্যাক বালদে। তার পাস ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে মার্কিং করতে থাকা ডিফেন্ডারের বাধা এড়িয়ে জোরাল কোনাকুনি শটে গোল করে এই ডাচ তারকা।
দুই মিনিট পর এলচের জালে বল পাঠান বার্সার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। তবে অফসাইডের জন্য তা বাতিল করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলের দেখা পান লেভা। তৃতীয় মিনিটে ডান দিক থেকে দেম্বেলের পাঠানো বল ছোট ডি-বক্সে ঠিকমত শট নিতে ব্যর্থ হন ডিপাই। তবে গোলরক্ষকও বল ক্লিয়ার করতে পারেননি। ফাঁকায় আলগা বল পেয়ে জালে পাঠান লেভা।
এদিন হ্যাটট্রিকের দেখাও প্রায় পেয়ে গিয়েছিলেন এই পোলিশ তারকা। কিন্তু গাভির থ্রু বল ক্রসবারের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠান তিনি।
আরও পড়ুন:বড় জয়ে বার্সাকে হটিয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ
এরপর অবশ্য এই তারকাকে তুলে নেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। ম্যাচের বাকি সময় আরও বেশ কয়েকটি আক্রমণ করেও আর গোল আদায় করতে পারেনি কাতালান জায়ান্টরা।
লা লিগায় এই নিয়ে ৬ ম্যাচে ৮ গোল করলেন লেভানদোভস্কি। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে তার গোলের সংখ্যা দাঁড়াল ১১টি।
প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর বিপক্ষে ড্র করে মৌসুম শুরু করা বার্সেলোনা এই নিয়ে লিগে টানা ৫ ম্যাচে জয় পেল। ১৬ পয়েন্ট নিয়ে এদিন শীর্ষে উঠেছে কাতালান জায়ান্টরা। অবশ্য এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ পরবর্তী ম্যাচে জয় পেলেই ফের শীর্ষস্থান হারাবে কাতালান ক্লাবটি।
]]>




