লেভানদোভস্কি ম্যাজিকে বড় জয় বার্সেলোনার
<![CDATA[
লা লিগায় নিজেকে মানিয়ে নিতে একদম সময় নেননি পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখ থেকে এ মৌসুমেই বার্সেলোনায় যোগ দিয়ে চেনা ফর্মেই আছেন তিনি। শনিবার (১০ সেপ্টেম্বর) কাদিজের বিপক্ষে লেভানদোভস্কির নৈপুণ্যে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে রিয়াল মাদ্রিদকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে কাতালান ক্লাবটি।
কাদিজের মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সেলোনা। বল দখল থেকে শুরু করে গোলে শট নেওয়া, সব ক্ষেত্রেই এগিয়ে ছিল কাতালানরা। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
গোলশূণ্য প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। কখনো ফরোয়ার্ডদের ব্যর্থতা, কখনোবা কাদিজ গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হয় তারা।
আরও পড়ুন:রাতে মাঠে নামছে পিএসজি-বার্সেলোনা
তবে দ্বিতীয়ার্ধে আর শক্তিশালী বার্সেলোনাকে আটকে রাখতে পারেনি পুঁচকে দলটা। ৫৫ মিনিটে ডি ইয়ং ডেডলক ভেঙে এগিয়ে দেন কাতলান ক্লাবটিকে। অরক্ষিত গাভিকে জায়গা করে নিতে দেখে অসাধারণ এক থ্রুবল বাড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। তবে গাভির কাটব্যাক ঠেকিয়ে দেন কাদিজ গোলরক্ষক লেদিসিমা। তবে দ্রুতই বলের কাছে পৌঁছে শট নেন ডি ইয়ং।
লিড পাওয়ার পর আক্রমণের ধার বেড়ে যায় বার্সেলোনার। ফলও পায় তারা। ১০ মিনিট পরই লেভানদোভস্কির গোলে ব্যবধান দ্বিগুণ করে তারা। লিগে পাঁচ ম্যাচ খেলেই ৬ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার।
৮২ মিনিটে রেফারি হঠাৎ খেলা থামিয়ে দেন। মূলত গ্যালারিতে কাদিজের এক ফ্যান হার্ট অ্যাটাক করায় খেলা বন্ধ করে দেন রেফারি। কাদিজ গোলরক্ষক কোনান লেদেসমা প্রথম লক্ষ্য করেন ঘটনাটি। দেখার পর রেফারিকে ম্যাচটি বন্ধ করতে বলেন তিনি, এরপর দৌড়ে গিয়ে কাদিজের সিপিআর কিটটি স্ট্যান্ডে পৌঁছে দিয়ে অচেতন ব্যক্তিটিকে সাহায্য করেন। এ সময় দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে।
পুনরায় খেলা শুরু হলে দ্রুতই তৃতীয় গোলটির দেখা পায় বার্সেলোনা। এই গোলেও ছিল লেভার অবদান। ৮৬ মিনিটে তার পাস থেকেই গোল করেন স্প্যানিশ উইঙ্গার আনসু ফাতি।
আরও পড়ুন:মেসি-নেইমার যুগলবন্দীতে জয় পিএসজির
বার্সেলোনা চতুর্থ গোলটি পায় যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে। উসমান দেম্বেলে কাতালান ক্লাবটির পক্ষে চতুর্থ গোলটি করেন। সেই সঙ্গে ম্যাচে নিজের দ্বিতীয় অ্যাসিস্ট করেন লেভা। ১ গোল ও ২ অ্যাসিস্টে এদিন বার্সার জয়ের নায়ক তিনিই।
এই নিয়ে লিগে টানা চতুর্থ জয়ের দেখা পেল বার্সেলোনা। পাঁচ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে কাতালান ক্লাবটি। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১২। তবে এক ম্যাচ কম খেলে এখনো অপরাজিত তারা। রোববার (১১ সেপ্টেম্বর) মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয় পেলে ফের শীর্ষে উঠে যাবে তারা।
]]>




