শিনজো আবেকে শেষ শ্রদ্ধা
<![CDATA[
জাপানের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাপানের টোকিওর নিপ্পন বুদোকানে অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন তিনি।
অন্ত্যেষ্টিক্রিয়ার এ অনুষ্ঠানে স্মারক বক্তব্য প্রদান করেন জাপানের প্রধানমন্ত্রী এবং অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজক কমিটির সভাপতি ফুমিও কিশিদাসহ জাপানের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বিদেশি অতিথিবৃন্দ শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানান। বাংলাদেশের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে প্রয়াত শিনজো আবে’র প্রতি শ্রদ্ধা জানান। এ অনুষ্ঠানে তার সাথে যোগ দেন সংসদ সদস্য সেলিমা আহমেদ এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ। সবশেষে, অনুষ্ঠানস্থল থেকে প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে’র মরদেহকে বিদায় জানানো হয়।
আরও পড়ুন : বেরিয়ে এলো শিনজো আবে হত্যার চাঞ্চল্যকর তথ্য
এদিকে সোমবার সন্ধ্যায় জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক আকাসাকা প্রাসাদে আয়োজিত সৌজন্য বিনিময় অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জাপানের প্রধানমন্ত্রী কিসিদার সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন
বাংলাদেশের উন্নয়নে প্রয়াত শিনজো আবে’র অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শিনজো আবে বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন এবং তার সময়ে দু’দেশের সম্পর্ক সমন্বিত অংশীদারিত্বে উন্নীত হয়।
আরও পড়ুন : শিনজো আবেকে বিদায় জানাল জাপান
প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে- এর স্ত্রী আকি আবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী ২০১৪ সালে প্রয়াত শিনজো আবের সাথে তার স্ত্রী আকি আবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে স্থানীয় সময় সোমবার টোকিও পৌঁছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াসি’র সাথে এক ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক করেন। রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে জাপান ত্যাগ করবেন।
]]>




