‘শেখ হাসিনা উন্নয়নের জাদুকর’
<![CDATA[
পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জাদুকর। তার জাদুর পরশে সবকিছু পাল্টে যাচ্ছে। তিনি যেখানেই হাত দেন, সেখানেই সোনা ফলে। প্রধানমন্ত্রী তার অসাধারণ নেতৃত্বে উন্নয়ন ও অর্জনের মাধ্যমে বিশ্বে বাঙালির পরিচয় বদলে দিয়েছেন।
শনিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শরীয়তপুর-২ আসনের এই সংসদ সদস্য।
উপমন্ত্রী শামীম বলেন, একসময় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের জন্য বিশ্ব গণমাধ্যমে স্থান পেত। সে সময় বাংলাদেশকে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ বলেও উল্লেখ করা হতো। এখন বাংলাদেশকে বলা হয় সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে চলা সম্ভাবনাময় বাংলাদেশ। এটা শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই সম্ভব হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আজ নদী ভাঙন রোধ হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মিত হচ্ছে। নতুন নতুন রাস্তা, ব্রিজ কালভার্ট নির্মিত হচ্ছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার ম্যাজিক নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: উন্নয়নের ছোঁয়া মমতাময়ী মা শেখ হাসিনার অবদান: এনামুল হক শামীম
বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপি নির্বাচন ও রাজপথ এবং আন্দোলন এই তিন জায়গায়ই ব্যর্থ। তারা এখন দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতায় রাজনীতিতে ব্যস্ত। তারা গণধিকৃত দলে পরিণত হয়েছে। এ দেশের জনগণ কোনোদিনই আর বিএনপিকে ক্ষমতায় আনবে না।
এ সময় তার সঙ্গে ছিলেন- এলজিইডির প্রকল্প পরিচালক প্রকৌশলী রফিকুল হাসান, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান ফরাজী, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, ইউএনও আব্দুল্লাহ আল মামুন, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, এসিল্যান্ড মো. পারভেজসহ প্রমুখ।
]]>




