শেষের নাটকীয়তায় ড্র চেলসি-ম্যানইউ মহারণ
<![CDATA[
চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচটি এগুচ্ছিল নিরুত্তাপ ড্রয়ের দিকে। কিন্তু চিত্রনাট্যে ম্যাচের আসল উত্তেজনাটুকু হয়ত ম্যাচের শেষদিকেই লিখে রাখা ছিল। তাই তো ম্যাচ শেষের তিন মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে যায় চেলসি। কিন্তু নাটকীয়তার তখন বাকি আরও। যোগ করা সময়ের একদম অন্তিম মুহূর্তে গোল করে ক্যাসেমিরো মূল্যবান একটি পয়েন্ট এনে দেন ইউনাইটেডকে।
শনিবার (২২ অক্টোবর) স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড হাইভোল্টেজ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনিয়ো। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ইউনাইটেডকে সমতায় ফেরান ক্যাসেমিরো।
প্রতিপক্ষের মাঠে এদিন শুরু থেকেই দারুণ গতিশীল ফুটবল খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। একচেটিয়া আধিপত্য দেখালেও অবশ্য গোল বের করতে পারেনি রাশফোর্ড-সাঞ্চো-অ্যান্তনিরা। রোনালদোকে বাদ দিয়ে খেলতে নামা দলটি নষ্ট করেছে সহজ সুযোগও। দ্বিতীয়ার্ধে চেলসি অবশ্য রাশ টেনে ধরে। আধিপত্য বিস্তার করেও অবশ্য গোল আদায় করতে পারেনি তারা।
আরও পড়ুন:হলান্ডের জোড়া গোলে বড় জয় ম্যানসিটির
এর মাঝেই ঘটে অঘটন। ম্যাচের ৫৩ মিনিটের সময় চেলসির স্ট্রাইকার পিয়েরি এমেরিক অবামেয়াংকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে উল্টা নিজেই আঘাত পেয়ে বসেন ইউনাইটেডের ডিফেন্ডার রাফায়েল ভারানে। অনেকটা সময় মাঠে পড়ে থাকার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি ডিফেন্ডার।
ম্যাচের ৮৭ মিনিটে চেলসির তরুণ ফরোয়ার্ড আরমান্দোকে নিজেদের ডিবক্সে বাঁধা দিতে গিয়ে ফাউল করে বসেন স্কট ম্যাকটমিনে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডি গেয়াকে ফাঁকি দেন জর্জিনিয়ো।
আরও পড়ুন:ম্যানচেস্টার ইউনাইটেড চালাচ্ছে একজন ‘ভাঁড়’
শেষ ৬ ম্যাচে অপরাজিত ইউনাইটেড তখন হারের শঙ্কায়। তবে যোগ করা সময়ে ইউনাইটেডের ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন ক্যাসেমিরো। লুক শয়ের বাড়ানো বলে লাফিয়ে হেড নিয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চেলসি গোলরক্ষক কেপার হাতে লাগলেও বল পেরিয়ে যায় গোললাইন।
এই ড্রয়ের পর পয়েন্ট তালিকায় দুদলের অবস্থানে আসেনি কোন পরিবর্তন। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি। এক পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড।
]]>




