শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ভারতের তিন খেলোয়াড়
<![CDATA[
মিরাজের বীরত্বে বুধবার (৭ ডিসেম্বর) ভারতের বিপক্ষে ৫ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল টাইগাররা। এমন লজ্জার সিরিজ হারের পর দুঃসংবাদ পেয়েছে ভারত। ইনজুরির কারণে তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন দলটির তিন খেলোয়াড়।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে ব্যথা পান রোহিত শর্মা। তবুও ব্যাটিংয়ে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু এই ম্যাচে ব্যাট করতে পারলেও সিরিজের শেষ ওয়ানডেতে তাকে পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন ভারতের অধিনায়ক।
এদিকে আরও দুঃসংবাদ আছে ভারত শিবিরে। শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে থাকছেন না দীপক চাহার ও কুলদীপ সেনও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ভারতের প্রধান কোচ।
আরও পড়ুন: টানা দুই ম্যাচ হারের পর যা বললেন রোহিত
রাহুল দ্রাবিড় বলেন, ‘কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ, দীপক চাহার ও রোহিত শর্মা তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে, দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারবে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে, তারা পরের ম্যাচে খেলতে পারছে না।’
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুলদীপ সেন ইনজুরির কারণে খেলতে পারেননি। আর দীপক চাহার ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করেছেন। এরপর তাকে আর বোলিং করতে দেখা যায়নি। এদিকে এর আগে চোটের কারণে দেশে ফিরে যান রিশভ পন্ত।
শনিবার (১০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।
]]>




