বাংলাদেশ

সনের ১৩ মিনিটের হ্যাটট্রিকে উড়ে গেল লেস্টার

<![CDATA[

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জিতেছিলেন সন হিউং-মিন। তবে এ মৌসুমে হঠাৎ ছন্দপতনে নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড। দলের প্রথম একাদশেও হয়ে পড়েছেন অনিয়মিত। অবশেষে জ্বলে উঠেছেন সন। লেস্টার সিটির বিপক্ষে বেঞ্চ থেকে মাঠে নেমে ১৩ মিনিটেই হ্যাটট্রিক করেছেন তিনি। দলও বড় জয় নিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) নিজেদের মাঠে পয়েন্ট তালিকার একদম তলানিতে থাকা লেস্টার সিটিকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। প্রথমার্ধে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন সন হিউং-মিন।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে এদিন ম্যাচের ৬ মিনিটেই লিড নেয় লিগে এখন পর্যন্ত জয়ের মুখ না দেখা লেস্টার। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ইয়েরি তিয়েলেমানস। তবে এই লিড তারা ধরে রাখতে পারে মাত্র ২ মিনিট।

আরও পড়ুন:হল্যান্ডদের দাপটে শীর্ষস্থান দখল করল ম্যানসিটি

৮ মিনিটের মাথায় ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইন স্পারদের সমতায় ফেরান। তবে খেলার নিয়ন্ত্রণ তখনো লেস্টারের হাতে।

২১ মিনিটে হেডে গোল করে অ্যান্তনিও কন্তের দলকে এগিয়ে দেন এরিক ডায়ার। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগ পর্যন্ত এই লিড ধরে রাখে তারা।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে ফক্সদের সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার জেমস ম্যাডিসন। প্রথমার্ধে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চাপ তৈরি করে ফের গোল আদায় করে নেয় স্পাররা। ৪৭ মিনিটে রদ্রিগো বেন্তাঙ্কুরের গোলে লিড পায় টটেনহ্যাম।

এদিন বেঞ্চে থাকা সন হিউং-মিন ৫৯ মিনিটে মাঠে নামেন। লিগের আগের ছয় ম্যাচে একবারও জালের দেখা না পাওয়া এই দক্ষিণ কোরিয়া যেন আজ প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দিতেই নেমেছিলেন। বদলি নেমে মাত্র ১৩ মিনিটের ঝড়ে গুড়িয়ে দিয়েছেন ফক্সদের।

৭৩ মিনিটে এই তাণ্ডবের সূচনা করেন তিনি। লেস্টারের সীমানায় বেন্তাঙ্কুর প্রেস করে বল কেড়ে নেন। তার স্লাইডিং পাস পেয়ে যান সন। সামনে থাকা দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি-বক্সের কোনা থেকে বাঁকানো শটে মৌসুমের প্রথম গোল করেন এই দক্ষিণ কোরিয়ান। এ সময়ে তার গোল উদযাপনে মাঠে ঢুকে কার্ড দেখেন সতীর্থ মিডফিল্ডার ইভান পেরিসিচ।

আরও পড়ুন:মাসসেরার পুরস্কার জিতলেন ‘গোলমেশিন’ হল্যান্ড

৮৪ মিনিটে ফের ব্যবধান বাড়ান সন। এবার হ্যারি কেইনের পাস প্রথম টাচে নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে গোলপোস্টের বা পার্শ্বের কোনা দিয়ে জালে পাঠান বল। ৫-২ ব্যবধানে এগিয়ে যায় স্পাররা।

এর ঠিক দুই মিনিট পরই হ্যাটট্রিক পূর্ণ করেন সন। এমিল হজেবার্গের ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান টু ওয়ানে পরাস্ত করেন গোলরক্ষককে।

৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ম্যানসিটির সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে থাকতে হচ্ছে কন্তের দলকে। অন্যদিকে সাত ম্যাচের মাত্র একটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে ব্রেন্ডন রজার্সের লেস্টার সিটি।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!