সমাবেশে যাওয়ার পথে বিএনপির সাবেক এমপির ওপর হামলা
<![CDATA[
পটুয়াখালী থেকে বরিশালে দলীয় গণসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খান।
শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে পটুয়াখালী থেকে গাবুয়া এলাকা পার হওয়ার সময় তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে শাহজাহান খানসহ তার সঙ্গে থাকা আরও ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়।
এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। বিএনপি নেতাদের দাবি, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
হামলায় আহত শাহজাহান খান জানান, শুক্রবার সন্ধ্যার পরে তার লোকজন নিয়ে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলযোগে পটুয়াখালী থেকে বরিশাল সমাবেশে যাচ্ছিলেন। এ সময় পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের মোটরসাইকেল বহরে অতর্কিত হামলা চালিয়ে ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে তিনি ছাড়াও বিএনপি কর্মী সাইদুল ইসলাম, ইসাহাক আলী, শাহ আলম ও নুরুল হুদাসহ ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হন।
আরও পড়ুন: খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা
শাহজাহান খান আরও জানান, সরকারি হাসপাতাল এই মুহূর্তে আমাদের জন্য নিরাপদ না। আহতদের বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপি সদস্য মজিবুর রহমান টোটন জানান, রাতে আওয়ামী লীগের লোকজন মহাসড়কে দাঁড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। পরে নৌ-পথে ট্রলারে পটুয়াখালী, বাউফল ও দশমিনাসহ বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বাস-থ্রি-হুইলারের ধর্মঘটের দ্বিতীয় দিন
এ বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হৃদয় আশীষ জানান, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে। বিএনপি হামলার নাটক সাজিয়ে ছাত্রলীগের ওপর চাপিয়ে দিতে চাইছে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। মহাসড়কে ভ্রাম্যমাণ টিম কাজ করছে।
]]>




