সাভারে পরিত্যক্ত কূপে নারী শ্রমিকের মরদেহ উদ্ধার
<![CDATA[
সাভারের আশুলিয়ায় নির্জন এলাকার একটি পরিত্যক্ত কূপ থেকে এক নারী গার্মেন্টস শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে আশুলিয়ার সদরপুর গ্রামের একটি বাউন্ডারির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী নিহত মোছা. পলি আশুলিয়ায় পলমল গ্রুপের আর.কে-২ নামের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তিনি ঝালকাঠি জেলার পুঞ্জিপুতি পাড়া গ্রামের হাশেম মোল্লার মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, পলমল গ্রুপের শ্রমিক পলি গত মঙ্গলবার (১১ অক্টোবর) ছুটির পর অফিস থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।
শুক্রবার (২১ অক্টোবর) বার কারখানার শ্রমিকরা পলির বোন রুনা আক্তারকে ফোন করে জানায়, ওই কূপের মধ্যে একটি মরদেহ পাওয়া গেছে। সেটি তার বোন কি না এসে দেখার কথা বলে তারা। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহায়তায় প্রায় ৫০ ফুট গভীর কূপ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করে। তবে ওই নারীর মুখমণ্ডল ও শরীরে পচন ধরায় তার পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরনের কাপড় দেখে নিহতের স্বজনরা মরদেহটি পলির বলে দাবি করেন।
আরও পড়ুন: জয়পুরহাটে যমুনা নদীতে নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাচিব সিকদার বলেন, মরদেহটি পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে পরনের কাপড় দেখে তার নাম পলি বলে দাবি করেছেন স্বজনরা। তবে পরীক্ষা-নিরীক্ষার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। মরদেহ রাতে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই জানান, বিষয়টি রহস্যজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রমিকরা যাওয়া আসার পথে দুর্গন্ধ পেয়ে সন্দেহ থেকে অন্যদের জানায়। এরপর পুলিশে খবর আসে।
তিনি আরও বলেন, ১১ অক্টোবর থেকে ওই নারীকে খুঁজে না পাওয়া গেলেও তার পরিবার থানায় কোনো জিডি করেনি। আমরা সে বিষয়টিও তদন্ত করছি।
]]>




