সুপার সিক্সের লক্ষ্যে লঙ্কান মেয়েদের বিপক্ষে মাঠে নামছে প্রত্যাশা-দিলারারা
<![CDATA[
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার (১৬ জানুয়ারি) মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
প্রথম ম্যাচে ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। অজি মেয়েদের বিপক্ষে দাপুটে ব্যাটিং করেন প্রত্যাশা-দিলারা। তাদের জুটিই বাংলাদেশের জন্য ম্যাচটা সহজ করে দেয়।
উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা না খুলেই আউট হন মিষ্টি সাহা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে কিশোরীদের অভিনন্দন জানালেন জ্যোতি
তবে সেখান থেকে প্রত্যাশা-দিলারার ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরে স্বর্ণা-সুমাইয়া জুটিতে ভর করে জয় তুলে নেয় বাংলাদেশ। তাতে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।
বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পেয়েছিল দিশারা। আফ্রিকার মাটিতে তিন ম্যাচে অপরাজিত বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষেও জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে ইয়াং টাইগ্রেসরা।
অন্যদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসর শুরু করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। দিশা-দিলারাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও। এই ম্যাচ জিতলে সুপার সিক্স অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।
]]>




