সোনাগাজীতে বোমা ফাটানোর পর মালিককে কুপিয়ে জুয়েলারি দোকানের স্বর্ণালংকার লুট
সোনাগাজী | তারিখঃ October 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 123 বার
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজীতে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির পর দোকান মালিককে কুপিয়ে “অর্জুন জুয়েলারি” নামের একটি দোকানের “৫০ লাখ টাকার” স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাতেরা। রোববার বিকেলে উপজেলার জমাদার বাজারে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে বাজারের পথচারী লেদু মিয়াসহ চারজন আহত হয়েছে।
ডাকাতদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত দোকানমালিক অর্জুন চন্দ্র বাদুরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, রোববার বেলা ৩টার দিকে দুটি মোটরসাইকেল নিয়ে ছয়-সাতজনের ডাকাত দল জমাদার বাজারের অর্জুন চন্দ্র বাদুরীর দোকানের সামনে আসে। এ সময় সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে ডাকাতরা অর্জুন চন্দ্রকে অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে। বাধা দেওয়ায় ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে অর্জুনের মাথায় ও হাতে আঘাত করে দোকানে ভাঙচুর চালায়। চলে যাওয়ার সময় ডাকাতেরা আবারও ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মোটারসাইকেল নিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মো. সাদেকুল করিম বলেন, অর্জুন চন্দ্রের মাথায়, চোয়ালে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
অর্জুন বাদুরীর এক স্বজন বলেন, ডাকাত দল দোকান থেকে অন্তত ৫০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে অর্জুন বাদুরীর জ্ঞান ফিরলে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাবে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদ হোসেন দাইয়ান বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা কিভাবে ঘটেছে এবং কারা ঘটিয়েছে, তার মূল রহস্য উদ্ঘাটনের কাজ করছে পুলিশ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওয়তায় আনা হবে।




