সোনাগাজীতে স্বর্ণের দোকান লুটের ঘটনায় আটক-৩, মামলা করেনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী
সোনাগাজী | তারিখঃ October 31st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 46 বার
সোনাগাজী প্রতিনিধি->>
সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজারে দিন-দুপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ দোকানে লুটের ঘটনায় এখনো মামলা দিতে আসেনি ক্ষতিগ্রস্থ পরিবারের কেউ। তবে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
স্বর্ণ দোকানের মালিক অর্জুন বাদুড়ি ডাকাতের আঘাতে গুরুতর জখম অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের সদস্যরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় লিখিত এজাহার দিতে পারেননি।
এদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে। এরা হলেন সিরাজুল ইসলাম প্রকাশ বোমা সিরাজ (৪২) মো. মোস্তফা (৪০) এবং হেলাল উদ্দিন সৌরভ (২৫)। আটককৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি চুরি ডাকাতি সহ মাদকের মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনকার মতই অর্জুন জুয়েলার্স নামীয় স্বর্ণের দোকান টি খুলে ব্যাবসায়িক কাজে মনযোগি ছিলেন মালিক অর্জুন বাদুড়ি। দুপুরের দিকে ৬ জন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে ফল্মি স্টাইলে আকস্মিক হামলা চালায় স্বর্ণ দোকানে। প্রতিবাদ করলে দোকানির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এসময় আশপাশের লোকজন এগিয়ে এলে বোমা ফাটিয়ে পালিয়ে যায় ডাকাতদল। এসময় বোমার আঘাতে লেদু মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শীসহ আরো দুইজন আহত হয়েছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদ হোসেন দাইয়্যান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছি। এই ঘটনায় এখনো মামলা রেকর্ড হয়নি। পুরো ঘটনা গুরুত্বের সাথে তদন্ত চলছে।




