সোসিয়েদাদ সঙ্গে ড্র করে আরও পিছিয়ে গেল রিয়াল
<![CDATA[
লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট খোয়াল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। এই ড্রয়ের ফলে টেবিল টপার বার্সেলোনা থেকে ৫ পয়েন্টে পিছিয়ে গেল রিয়াল।
পুরো ম্যাচে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি সফরকারী দল। আর স্বাগতিক রিয়াল মাদ্রিদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছিল সোসিয়েদাদ। তবে সফরকারীর গোলরক্ষক আলেক্স রেমিরোর দেয়াল ভাঙতে পারলেন না কোনো রিয়াল খেলোয়াড়।
আরও পড়ুন: জিরোনাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
বিশ্বকাপের পর থেকেই লিগে ছন্দ হারিয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। তাদের পারফর্মেন্সেও ধারাবাহিকতা দেখা যাচ্ছেনা। বিশ্বকাপের পর লিগে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে রিয়াল। যেখানে দুই জয়ের বিপরীতে রয়েছে একটি করে হার ও ড্র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজিয়ে বসে রিয়াল। সময় বাড়ার সঙ্গে সঙ্গে আক্রমণের হার আরও বাড়িয়ে দিতে থাকে স্বাগতিকরা। তবে গোলরক্ষক আলেক্স রেমিরোর দৃঢ়তায় বেঁচে যায় সফরকারীরা।
প্রথম হাফে বল দখল ও আক্রমণের হার দ্বিতীয় হাফেও বজায় রাখে রিয়াল। তবে কাজের কাজ কিছুই হয়নি। ম্যাচে ৬১ শতাংশ বল ছিল রিয়াল খেলোয়াড়দের দখলে। পুরো ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্টে ২০ শট নিয়েছে তারা, যার ৭টি অন টার্গেট ছিল। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আনচেলত্তির দলের।
আরও পড়ুন: রাউলকে ছুঁয়ে স্টেফানোকে পেছনে ফেললেন বেনজেমা
এই ড্রয়ের ফলে ১৮ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকল রিয়াল। সমান ম্যাচে ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিল টপার বার্সেলোনা। আর ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রিয়াল সোসিয়েদাদ।
]]>




