সৌদিতে অভিষেক ম্যাচে আহত রোনালদো
<![CDATA[
সৌদি আরবের মাটিতে নেমে ক্রিস্টিয়ানো রোনালদো পেয়েছেন গোল, হয়েছেন ম্যাচ সেরা। তবে ভক্তদের জন্য দুঃসংবাদও এসেছে। ম্যাচটিতে খেলতে নেমে হারের পাশাপাশি মুখে চোট পেয়েছেন তিনি। সেজন্য খেলা শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগিজ তারকাকে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজির মধ্যে একটি প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। যেখানে ৫-৪ গোলে রোমাঞ্চকর জয় পায় পিএসজি। ফরাসি এই ক্লাবের হয়ে মাঠে নামেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি, ব্রাজিল তারকা নেইমার-মারকুইনহোস, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেসহ অনেকে। আর রিয়াদ অল স্টার একাদশের প্রধান আকর্ষণ ছিলেন রোনালদো।
আরও পড়ুন: সৌদিতে অভিষেকে ভক্তদের হৃদয় ছুঁলেন রোনালদো
প্রীতি ম্যাচটিতে দুটি গোল করেন রোনালদো। এর মধ্যে প্রথমটি আসে পেনাল্টি থেকে। ৩১ মিনিটে পিএসজির ডি-বক্সের বাইরে ডান প্রান্ত থেকে ফ্রি-কিক নেন অল স্টারের মুসা মারেগা। মুসার কিক থেকে গোলের সামনে দাঁড়িয়ে হেড দেয়ার চেষ্টা করেন রোনালদো। কিন্তু পিএসজি গোলরক্ষক কেইলর নাভাস বল মোকাবেলা করতে গিয়ে রোনালদোর মুখে আঘাত করে বসেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান সিআরসেভেন।
সে সময়ে দেখা যায়, পর্তুগিজ স্ট্রাইকারের মুখের বাম পাশে ফুলে উঠেছে। মুখের ভেতর থেকে রক্ত পরিষ্কার করে দেন চিকিৎসকরা এসে। দেয়া হয় প্রাথমিক চিকিৎসা। তখন মাঠ না ছেড়ে ভক্তদের কথা মাথায় রেখে খেলা চালিয়ে যান রোনালদো। এ ঘটনায় কেইলর নাভাসকে হলুদ কার্ডের পাশাপাশি দেয়া হয় পেনাল্টি। আর পেনাল্টি থেকে গোল করে সমর্থকদের বাঁধভাঙা উল্লাসে মাতান আল-নাসর তারকা।
প্রথমার্ধের শেষ মুহূর্তে আরও একটি গোল করেন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ৬০ মিনিটের সময়ে রোনালদোর বদলে মাঠে নামানো হয় ম্যাথিউস পেরেইরাকে। আর এটি দেখে পিএসজি শিবিরেও চলে খেলোয়াড় পরিবর্তনের হিড়িক। একে একে সব খেলোয়াড়কে পরিবর্তন করে দলটি। তাতে কিছুটা হতাশ হন ভক্তরা।
আরও পড়ুন: তারকাদের ম্যাচে সেরা হলেন রোনালদো
মহারণের এই ম্যাচে পিএসজি জয় তুলে নেয় ৫-৪ গোলের ব্যবধানে। পিএসজির হয়ে গোল করেন লিওনেল মেসি, মারকুইনহোস, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকে। আর অল স্টারের পক্ষে দুই গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি করে গোল পান জ্যাং হিউন-সু ও অ্যান্ডারসন তালিস্কা।
]]>



