সৌম্য আউট সৌম্য নটআউট, বিপিএলে বিতর্ক
<![CDATA[
আলোচনা-সমালোচনার মধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। তীব্র শীত উপেক্ষা করেই মিরপুরের গ্যালারিতে আশাব্যঞ্জক দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে আয়োজকদের নানা অব্যবস্থাপনা আর আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে বিতর্ক যেন পিছু ছাড়ছে না লিগটির।
শনিবার (৭ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচে সৌম্য সরকারকে আউট দিয়েও পরে নটআউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার, যা নিয়ে বিতর্ক হচ্ছে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় ম্যাচে প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ঢাকাকে ১১৪ রানের লক্ষ্য দেয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে ঘটে অপ্রীতিকর ঘটনাটি।
নাসুম আহমেদের করা ওভারটির প্রথম বল বাউন্ডারিছাড়া করেন সৌম্য। দ্বিতীয় বলটি স্কয়ার লেগে খেলতে গেলে সৌম্যর প্যাডে গিয়ে লাগে। লেগ বিফোরের জোরলো আবেদনের পরিপ্রেক্ষিতে আঙুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার মোর্শেদ আলি খান। পরে রিভিউ নেন সৌম্য।
টিভি রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ারও সৌম্যকে আউট ঘোষণা করেন। থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট সৌম্য এ সময় মাঠ না ছেড়ে প্রতিবাদ জানান। আম্পায়ারের সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায় তাকে।
আরও পড়ুন: আল আমিন, নাসিরদের তোপে স্বল্প পুঁজি খুলনার
সৌম্যকে তামিমের সঙ্গেও কথা বলতে দেখা যায়। মাঠে তখন দর্শকের তুমুল গর্জন। এর মাঝে তৃতীয় দফায় আসে সিদ্ধান্ত। সৌম্য নট আউট! এবার খেপে যান তামিম।
তিনি খুলনার অধিনায়ক না হলেও আম্পায়ারের সঙ্গে কথা বলেন। আম্পায়ার তাকে কিছু একটা বোঝাচ্ছিলেন, যা শুনে তাকে হাসতে দেখা যায়।
অবশ্য সে যাত্রায় বেঁচে গেলেও বেশিক্ষণ টিকতে পারেননি সৌম্য। ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৬ রান করে ওয়াহাব রিয়াজের বলে সাজঘরে ফেরেন তিনি।
]]>




