বাংলাদেশ

স্বাধীন বাংলায় বরিশালের প্রথম ব্যান্ড ক্রিডেন্সের ভোকালিস্ট টুটুল আর নেই

<![CDATA[

স্বাধীন বাংলায় বরিশালের প্রথম ব্যান্ড ক্রিডেন্সের ভোকালিস্ট কুদরত এলাহী টুটুল (৬৭) মারা গেছেন। শনিবার (৩ নভেম্বর) সকালে নগরীর মুসলিম গোরস্থান রোড এলাকার নিজ বাসায় মৃত্যু হয় তার।

 টুটুল একাধারে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

মৃতের বড় ছেলে তৌসিফ এলাহী জানান, বাবা কুদরত এলাহী টুটুল বার্ধক্যজনিত বেশকিছু রোগে আক্রান্ত ছিলেন। বাদ আসর বগুরা রোড চৈতন্য স্কুল প্রাঙ্গণে তার জানাজা শেষে দাফন করা হয়।

মৃতের বন্ধু ও ক্রিডেন্স ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য জিল্লুর রহমান বলেন, ৫৫ বছরের অধিক সময় ধরে একসঙ্গে পথচলা আমাদের। এসএসসি পরীক্ষা শেষে টুটুল ঢাকায় গিয়েছিলো পড়াশুনা করতে, তবে কিছুদিন পরে বরিশালে ফিরে আসে এবং আমাদের ব্যান্ডে ভোকালিস্ট হিসেবে যোগ দেয়। 

ব্যান্ড প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৪ সালে আমাদের ব্যান্ডের যাত্রা শুরু হয়। তখন ব্যান্ড বলা হতো না, পপ গ্রুপ বলা হতো। আজম খান ও ফেরদৌস ওয়াহিদের পপ গ্রুপ ছিলো ঢাকায়, সে সমসাময়িক বরিশালের ব্যান্ড ক্রিডেন্স। রিন্টু, রফিক, কাওসার, জন মাইকেল চৌধুরী পিন্টু ও আমি ক্রিডেন্স ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য। এরপর টুটুল এসে যোগ দিলে আমাদের ব্যান্ড আরও চাঙ্গা হয়। তখনকার যুব সমাজের মাঝে টুটুল বেশ জনপ্রিয় ছিল, স্টেজে গান গাইতে উঠলেই ‘ওয়ান মোর! ওয়ান মোর!’ শব্দে শ্রোতারা ব্যস্ত হয়ে যেত। এককথায় মানুষজন ওর প্রতি পাগল ছিল। আর আমি ও টুটুল একসঙ্গে গান গাইলে তো কথাই ছিল না।

তিনি আরও বলেন, আমার একটি গান বিটিভিতে রেকর্ডিং হয়েছিলো এবং ওর ‘স্বর্ণালী স্বপ্নিল আজ রাতে’ নামক একটি গানও রেকর্ডিং হয়েছিলো। গান দুটি প্রচারও হয়েছিল তখন।

আরও পড়ুন: যেভাবে ‘ক্রিডেন্স ব্যান্ড দল’ ইতিহাসের জঘন্যতম রাতের রাজসাক্ষী

এ ব্যান্ডের সঙ্গে নব্বই দশক থেকে পথ চলতে থাকা মিন্টু চৌধুরী, সবীর প্যাট্রিক মধু ও সমরেশ রায় পলাশ বলেন, টুটুল ভাইসহ এ ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সবাই বন্ধুসুলভ ছিলেন, সবাই একসঙ্গে হলে আড্ডায় মেতে উঠতেন জীবনের এ বয়সে এসেও। তাদের কাছ কতকিছু শিখেছি। কিন্তু এভাবে চলে যাবেন ভাবতে পারিনি। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আজ টুটুল ভাইকে শেষ বিদায় জানাতে আসছেন, তবে তিনি আমাদের মনের ভেতরে চিরদিন বেঁচে থাকবেন। সবাই তার জন্য দোয়া করবেন।

শনিবার সন্ধ্যায় কুদরত এলাহী টুটুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ।

এছাড়াও শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ নেতৃবৃন্দ।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!