হতদরিদ্রকে সবচেয়ে বেশি সুদ দিতে হয়
<![CDATA[
বাংলাদেশ ব্যাংকের (বিবি) গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ‘সবচেয়ে গরিব মানুষকে আমরা সবচেয়ে বেশি সুদ চার্জ করছি। ঋণের বিপরীতে তাদের সবচেয়ে বেশি সুদ দিতে হয়।’
মঙ্গলবার (১৫ নভেম্বর) মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত এক কর্মশালায় রউফ তালুকদার এ কথা বলেন। ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে ক্ষুদ্রঋণ (বার্ষিক পরিসংখ্যান)’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, ‘এখন প্রতিদিন প্রায় ৯০০ কোটি টাকার ঋণ মাইক্রোক্রেডিটের আওতায় দেয়া হয়। এ ঋণ নেয়া সবচেয়ে গরিব মানুষকে আমরা সবচেয়ে বেশি সুদ চার্জ করছি।’
অতিরিক্ত সুদ নেয়ার বিষয়টি নৈতিক কি না, তা ভেবে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: ব্যাংকে কত হাজার কোটি টাকা আছে জানাল বাংলাদেশ ব্যাংক
এ সময় ইন্টারঅপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম (আইডিটিপি) ‘বিনিময়’-এর কথা উল্লেখ করে গভর্নর বলেন, ‘এখন আমাদের নগদ অর্থের ব্যবহার কমাতে হবে। গত রোববার (১৩ নভেম্বর) ইন্টার অপারেবল ডিজিটাল ট্রানজেকশন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এতে এখন একটি এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) থেকে অন্য এমএফএসে টাকা ট্রান্সফার করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা আগামী পাঁচ বছরের মধ্যে একটি ক্যাশলেস সোসাইটি তৈরি করতে চাই। সবার হাতে যে মোবাইল ফোন আছে, আমরা চাই সেটিই আমাদের ক্রেডিট কার্ড ব্যাংক হবে।’
এরপর তিনি এমআরএ লাইব্রেরি অটোমেশন, ই-ক্লিপিং, ই-আর্কাইভিং ও এমআরএ ইনফো শীর্ষক নতুন ৪টি ই-সেবা কার্যক্রমের উদ্বোধন করেন।
]]>




