হোবার্টে সমর্থকদের আক্ষেপ মিটিয়েছেন সাকিব
<![CDATA[
প্রায় ১৫ বছর পর বিশ্বকাপের মূলপর্বে জয় পেয়েছে বাংলাদেশ। জয়খরা কাটিয়ে ওঠায় ম্যাচশেষে তাই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। হোবার্টের গ্যালারিতে বসে থাকা সমর্থকদের অটোগ্রাফ দেয়ার পাশাপাশি তুলেছেন সেলফিও।
ত্রিদেশীয় সিরিজে টানা চার হারের পর প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজে হার। বিশ্বকাপের আগে দলের সেরা কম্বিনেশন খোঁজার অনেক চেষ্টা করেও মেলেনি সফলতা। মূলপর্বের লড়াইয়ে নামার আগে তাই সবচেয়ে বেশি চাপে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। মাহমুদউল্লাহর কাছ থেকে যে উদ্দেশ্যে নেতৃত্ব সরিয়ে নিয়ে তার কাঁধে তুলে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট, সে প্রত্যাশার পূরণে ব্যর্থ ছিলেন সাকিব। তার অধীন টানা জয় ম্যাচে জয়শূন্য বাংলাদেশ।
এর মধ্যে গত শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশের ক্রিকেটারদের বরণ করে নিতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ব্রিসবেনে অবস্থানরত প্রবাসীরা। সেখানে স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ্যে ছিলেন না সাকিব। টানা ব্যর্থতার হতাশা ফুটে উঠেছে তার আচরণেও। প্রবাসীরা অভিযোগ করেছেন, টাইগার অধিনায়কের মধ্যে আন্তরিকতার ঘাটতি ছিল। সমর্থকদের অটোগ্রাফ দেয়া থেকে বিরত থাকার পাশাপাশি অস্বীকৃতি জানিয়েছেন সেলফি তুলতে।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাটিংয়ে নড়বড়ে ছিল কেন, জানালেন সাকিব
এক দিন না যেতেই অবশ্য বদলে গেছে সেই চিত্র। ২০০৭ সালে শুরুর আসরের প্রায় ১৫ বছর পর আবার বিশ্বকাপের মূলপর্বে জয় পেয়েছে বাংলাদেশ। তার চেয়েও বড় কথা, নতুন মেয়াদে দলের দায়িত্ব কাঁধে নেয়ার পর প্রথম জয়ের দেখা পেয়েছেন সাকিব। হোবার্টে সুপার টোয়েলভে নিজেদের প্রথম ম্যাচে সোমবার (২৪ অক্টোবর) ডাচদের ৯ রানের ব্যবধানে হারিয়েছে টাইগাররা।
অনেক দিন পর একটা জয়ে তাই বেশ ফুরফুরে মেজাজে ক্রিকেটাররা। ম্যাচ শেষে হোবার্টের গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশে ছুটে গিয়েছেন সৌম্য-সোহানরা। কুশল বিনিময়ের পাশাপাশি লিটন, হাসানরা সেলফি তুলেছেন, দিয়েছেন অটোগ্রাফ।
আরও পড়ুন: তাসকিনের চোখে মুস্তাফিজ চ্যাম্পিয়ন বোলার
সমর্থকদের এদিন আর হতাশ করেননি অধিনায়ক সাকিবও। গ্যালারি থেকে যখন সাকিব-সাকিব ধ্বনি উচ্চারিত হচ্ছিল, তখন তিনি আর নিজেকে আটকে রাখেননি। ছুটে যান ভক্তদের উদ্দেশে। তাদের সঙ্গে দাঁড়িয়ে করেন কুশল বিনিময়। ছবি তোলার পাশাপাশি এদিন দ্বিধাবোধ করেননি অটোগ্রাফ দিতেও।
ব্রিসবেনে সাকিবকে নিয়ে যে অভিযোগ বাতাসে ভাসছিল তার পুরো ভিন্ন চিত্র দেখা গেল হোবার্টে। সমর্থকরা আজ আর আক্ষেপ নিয়ে বাসায় ফেরেননি, ফিরেছেন সাকিবের ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে।
]]>




