২০ লাখ করে জরিমানা গুনতে হচ্ছে সাইফ ও বারিধারাকে
<![CDATA[
সাইফ স্পোর্টিং ক্লাব ও উত্তর বারিধারাকে আবারও জরিমানা গুনতে হচ্ছে। বিপিএলের দলগুলোকে নিয়ে অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে অংশ না নেয়ায় সর্বোচ্চ ২০ লাখ টাকা করে জরিমানা গুনতে হচ্ছে উভয় দলকে। আসরে না খেলার কারণ দর্শানোর নোটিশ দেয়ার পর তার জবাবও দিয়েছিল এ দুই ক্লাব। কিন্তু তা মনঃপূত হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আগামী সপ্তাহে ডিসিপ্লিনারি কমিটির সভায় আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত।
সাইফ স্পোর্টিং ক্লাব; দেশের ফুটবলে আলো দেখিয়ে দপ করে নিভে যাওয়া এক প্রদীপের নাম। আর্থিক মন্দার কারণ দেখিয়ে বিপিএল থেকে নাম সরিয়ে শুধু দ্বিতীয় বিভাগে খেলার সিদ্ধান্ত নেয় সাইফ। গুঞ্জন রয়েছে, বাফুফের নানা সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়েই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে ব্লাক-ইয়োলো আর্মিরা।
আরও পড়ুন: ফর্টিস এফসির ট্রায়ালে উপচেপড়া ভিড়
গেল মৌসুমে ক্লাবটির কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিসহ বেশ কয়েকজন খেলোয়াড়-কর্মকর্তার কারণে জরিমানা গুনতে হয় ক্লাবটিকে। প্রিমিয়ার লিগে না থেকেও আরও একবার জরিমানা গুনতে হচ্ছে তাদের। সদ্যসমাপ্ত বিপিএলের ক্লাবগুলোকে নিয়ে অনূর্ধ্ব -১৮ টুর্নামেন্টে অংশ নেয়ার আনুষ্ঠানিক সম্মতি জানানোর পরও অংশ নেয়নি সাইফ।
লিগ কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল টুর্নামেন্টে অংশ না নিলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এবার সেই অর্থ দিতে হচ্ছে তাদের। একই কারণে জরিমানা গুনতে হচ্ছে রেলিগেশনে পড়া দল উত্তর বারিধারার। বিপিএলের ম্যাচ ফিক্সিং-কাণ্ডে এরই মধ্যে অবনমিত করা হয়েছে ক্লাবটিকে। নিষিদ্ধ হয়েছেন তাদের ৬ ফুটবলার।
আরও পড়ুন: সাইফকে ফিরে আসার আহ্বান বসুন্ধরা কিংসের
নানা ইস্যু দেখিয়ে অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্টে অংশ নেয়নি উত্তর বারিধারা। মাসখানেক আগে তাদের প্রায় ২০ লাখ টাকা জরিমানা দিতে হয়। আরও একবার গুনতে হচ্ছে জরিমানা। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে ক্লাবগুলোকে। নতুবা শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে।
]]>




