বাংলাদেশের ‘পাগলা ভক্ত’ অস্ট্রেলিয়ান শেইন
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ। হাজার হাজার কিলোমিটার দূরের তাসমানপাড়ের সে দেশে সাকিব-লিটনদের সমর্থন যোগাচ্ছেন অস্ট্রেলিয়ান এক ভক্ত। শেইন কলিন্স নামের এই যুবক ব্রিসবেনে এরই মধ্যে বাংলাদেশ দলের সঙ্গে দেখা করেছেন।
ব্রিসবেনে ক্রিকেটারদের ছাপিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ান এই টাইগার ক্রিকেট ভক্ত। শেইন কলিন্সকে বাংলাদেশ দলের পাগলা ভক্ত বললেও যথার্থ হবে না। ভিনদেশি ভক্তের টাইগার ক্রিকেট জ্ঞান দেখে চোখ কপালে উঠবে যে কারও। বর্তমানদের ছাড়াও সাবেক টাইগার ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা, মোহাম্মদ রফিক থেকে শুরু করে নারী ক্রিকেটারদেরও ভালোভাবে চেনেন তিনি।
লাল-সবুজের সাজে শেইন যেন পুরোদস্তুর টাইগার। টাইগারদের অটোগ্রাফ জার্সিটাকে রাঙিয়েছে আরও। তবে মজার ব্যাপার হলো, এই অটোগ্রাফ পুরুষ ক্রিকেটারদের নয়, সেগুলো নারী দলের। সবশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জাহানারা-সালমাদের অটোগ্রাফ নিয়েছিলেন শেইন।
ব্রিসবেনে দীর্ঘ সময় অপেক্ষা করে কয়েকটি অটোগ্রাফ সংগ্রহ করেছেন এই টাইগার ক্রিকেট পাগল। বাজে সময় কাটিয়ে প্রিয় দলের সুদিনে ফেরার প্রত্যাশা জানিয়েছেন তিনিও।
আরও পড়ুন: ঘুম হারাম অস্ট্রেলিয়ার
দেশে তো বটেই গোটা দুনিয়ায় অগুণিত বাংলাদেশি ক্রিকেট ভক্ত রয়েছেন। ক্রিকেটাররা কোনো সিরিজ কিংবা টুর্নামেন্ট খেলতে সফরে গেলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বাড়তি উচ্ছ্বাস দেখা যায়। তবে অস্ট্রেলীয় শেইনের গল্পটা অন্য রকম এক ভালো লাগা তৈরি করে।
]]>




