গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
<![CDATA[
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় সুরমা বেগম (১৯) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে উত্তর বেজুগালিয়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সুরমা বেগম ওই এলাকার নাজিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, প্রায় ৭ মাস আগে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর বেজুগালীয়া গ্রামের মৃত বশির উল্লার ছেলে নাজিম উদ্দিনের সঙ্গে পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তাহেরের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া বিবাদ হয়ে আসছিল।
আরও পড়ুন: যৌন হয়রানি /গৃহবধূর জিডির জেরে বাবাকে কুপিয়ে জখম
নিহতের পরিবারের অভিযোগ, রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে নাজিম উদ্দিন তার বসতঘরে স্ত্রী সুরমা বেগমকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করে। মৃত্যুর বিষয়টি জানার পর সুরমার বাবা-মা ও আত্মীয়রা ছুটে এলে স্বামীসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
]]>




