Feni (ফেনী)ফেনী

ফেনীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ফেনী | তারিখঃ November 3rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 1 বার

সদর প্রতিনিধি->>

ফেনী সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সূর্য কুমার নাথ (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কের রাণীরহাট বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সূর্য কুমার নাথ উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামের মৃত শরৎ চন্দ্র নাথের ছেলে। মুঠোফোনে ফ্লেক্সিলোড করতে বাড়ি থেকে রাণীরহাট বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

নিহত ব্যক্তির ছেলে বিজয় কুমার নাথ জানান, তাঁদের বাড়ি থেকে রাণীরহাট বাজার ৬ থেকে ৭ মিনিটের পথ। বাবার মুঠোফোনে টাকা শেষ হয়ে যাওয়ায় তিনি দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হয়ে ফ্লেক্সিলোড দিতে রাণীরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে যান, ‘এই যাব আর আসব। ফ্লেক্সিলোড করেই বাড়ি চলে আসব, দেরি হবে না।’ ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়কে ওঠা মাত্রই দ্রুতগতির একটি মোটরসাইকেল বাবাকে ধাক্কা দিলে সড়কের ওপর ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার রাণীরহাট বাজারের পূর্ব পাশে মোটরসাইকেলের ধাক্কায় সূর্য কুমার নাথ নামের ওই পথচারী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় মোটরসাইকেল আরোহী দুজন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মোটরসাইকেলটি পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই যুবকের নাম-পরিচয় জানা যায়নি। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!