আরও ২৭ হাজার টন চাল আমদানির অনুমতি দিতে চিঠি
<![CDATA[
২৭ হাজার টন মেট্রিক টন চাল আমদানিতে আরও ১২টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে চিঠি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে সিদ্ধ চাল ১২ হাজার টন এবং আতপ চাল ১৫ হাজার টন।
মঙ্গলবার (৮ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছে এ সংক্রান্ত দুইটি চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবর রহমান স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়, এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টন মেট্রিক টন (সর্বোচ্চ ৫ শতাংশ ভাংগাদানা বিশিষ্ট) সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির অনুমতি দেয়ার জন্য অনুরোধ করা হলো।
আমদানির শর্তে বলা হয়, বরাদ্দ পাওয়া আমদানিকারকদেরকে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এসব চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে, বরাদ্দের অতিরিক্ত আইপি ইস্যু বা জারি করা যাবে না, আমদানি করা চাল সত্ত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না এবং আমদানি করা চাল বস্তায় বিক্রয় করতে হবে।
আরও পড়ুন: দেশে কোনো ডলার সংকট নেই: পররাষ্ট্রমন্ত্রী
এর আগে গত ৩০ জুন দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রথম দফায় বেসরকারিভাবে ৪ লাখ ৯ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য ৯৫টি প্রতিষ্ঠানকে অনুমতি দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।
এরপর গত ৪ জুলাই দ্বিতীয় দফায় ১২৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৬ হাজার টন এবং তৃতীয় দফায় গত ৭ জুলাই ৬২টি প্রতিষ্ঠানকে এক লাখ ৮২ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির জন্য অনুমতি দিতে খাদ্য মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছিল। এরপর আরও বেশ কয়েক ধাপে আমদানির অনুমতি দিতে চিঠি পাঠানো হয় এবং অনুমতিও মেলে।
]]>




