নীলফামারীতে বাড়ছে শীতজনিত রোগ, আক্রান্ত শিশুরা
<![CDATA[
নীলফামারীতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। জেলার হাসপাতালগুলোর আউটডোর এবং ইনডোরে শিশু রোগীর সংখ্যাই বেশি দেখা গেছে।
অক্টোবরের ১৫ তারিখের পর থেকে নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শীতের তীব্রতা কিছুটা হলেও বাড়তে শুরু করেছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাস ও ঘনকুয়াশা থাকায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। শীত বাড়তে শুরু করায় এবং হিমেল বাতাসের কারণে শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলেতে প্রতিদিন শত শত শিশু রোগী চিকিৎসা নিতে ভিড় করছে।
নীলফামারী সদর থেকে আশা এক শিশু রোগীর অভিভাবক বলেন, ‘কয়েক দিন ধরে শীত ও বাতাস বাড়ার কারণে আমার বাচ্চাটার শ্বাসকষ্ট ও জ্বর দেখা দিয়েছে। হাসপাতালে এসেছি চিকিৎসা নিতে।’
আরও পড়ুন: কুড়িগ্রামে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু-বৃদ্ধরা
নীলফামারীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স বলেন, ‘শীত বাড়তে শুরু করায় প্রতিদিন হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। বেডের অভাবে তাদের হাসপাতালে রাখতে পারছি না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল হাজ্জাজ বলেন, মূলত শিশুরা শীতের তীব্রতা ও ঠান্ডা বাতাসের কারণে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে ইনডোরে ৬০ রোগী ভর্তি থাকছে। অউটডোরে চিকিৎসা নিচ্ছে পাঁচ শতাধিক রোগী।
]]>




