উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর জাপান-যুক্তরাষ্ট্রের মহড়া
<![CDATA[
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর জাপান সাগরের আকাশসীমায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৮ নভেম্বর) উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার প্রতিক্রিয়ায় এ মহড়া শুরু হয়েছে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি হোক্কাইডো দ্বীপ থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে জাপান সাগরে গিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহ করা এক জয়েন্ট স্টাফ বিবৃতিতে বলা হয়, ‘জাপানের আত্ম-প্রতিরক্ষা বাহিনী এবং মার্কিন সশস্ত্র বাহিনী দ্বিপাক্ষিক মহড়া পরিচালনা করেছে। জাপানের চারপাশে ক্রমবর্ধমান কঠোর নিরাপত্তা পরিবেশের মধ্যে এ মহড়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে উ.কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র
বিবৃতিতে আরও বলা হয়, ‘উত্তর কোরিয়ার আইসিবিএম শ্রেণির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবতরণের পর কৌশলগত বিমান প্রতিরক্ষা চালানো হয়েছে।
এতে বলা হয়েছে, এই মহড়া জাপান-মার্কিন জোটের প্রতিরোধ ও প্রতিক্রিয়া সক্ষমতাকে আরও শক্তিশালী করবে।
জাপানে বর্তমানে প্রায় ৫৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যাদের বেশিরভাগ ওকিনাওয়ার দক্ষিণাঞ্চল, টোকিও শহরতলি এবং উত্তর আওমোরি অঞ্চলের বিমান ঘাঁটিতে অবস্থান করছে।
]]>




