বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ১০
<![CDATA[
মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় বোমা বিস্ফোরণে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২০ নভেম্বর) দুপুরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ফাঁসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওসি শামীম হোসেনকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহীদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলনের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুজনের কর্মী-সমর্থকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জেরে রোববার (২০ নভেম্বর সকালে ফাঁসিয়াতলা এলাকায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এ সময় উভয়পক্ষের লোকজন বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আহত হন ওসি শামীম হোসেন, এক পুলিশ সদস্যসহ উভয়পক্ষের আরও আটজন। আহত শামীম হোসেনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: ঝিনাইদহে আ.লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১০
পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওসিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। এদিকে গ্রেফতার আতঙ্কে আহতরা কেউ ভর্তি হননি সরকারি কোনো হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, দুপক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করেও তাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।
মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহম্মেদ খান জানান, ওসি শামীম হোসেনের বাম পায়ে বোমার ক্ষত চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানান, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের লোকজন এ সংঘর্ষের ঘটনা ঘটায়। প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
]]>




