মুক্তিযোদ্ধার ভুয়া সনদে পুলিশে চাকরি, যুবকের ১৭ বছরের জেল
<![CDATA[
বাবার নামে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ তৈরি করে পুলিশের কনস্টেবল পদে চাকরি নেয়ার দায়ে মো. আরিফুল ইসলাম নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ১৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালীর পিপি আবুল কাশেম সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুল চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নুরুল হকের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম পুলিশে চাকরি নেয়ার সময় তার বাবার নামে একটি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ তৈরি করেন। সেই সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ কনস্টেবল পদে চাকরি নেন। পরে বিষয়টি নিয়ে মন্ত্রণালয় থেকে অভিযোগ এলে তদন্তে নামে দুদক। সনদটি ভুয়া প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
আরও পড়ুন: রাঙামাটিতে ভুয়া চিকিৎসক আটক, দুই বছরের কারাদণ্ড
বিচার প্রক্রিয়া শেষে সোমবার আদালত তাকে বিভিন্ন ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে আরও ১ বছর ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
]]>




