ছয় বছরে হাজারো কোটি টাকার মালিক পাক সেনাপ্রধানের পরিবার
<![CDATA[
গত ছয় বছরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার পরিবারের সদস্যরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেনাপ্রধান হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার দুই সপ্তাহ আগে ‘ফ্যাক্টফোকাস’ নামে একটি ওয়েবসাইটের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে কামার জাভেদ বাজওয়ার স্ত্রী আয়েশা আমজাদ, পুত্রবধূ মাহনুর সাবির এবং পরিবারের অন্যান্য ঘনিষ্ঠ সদস্যের আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য তথ্য রয়েছে।
এতে বলা হয়, সেনাপ্রধানের ছয় বছরের দায়িত্ব পালনকালে পরিবারের সদস্যরা বিলিয়নিয়ার হয়ে উঠেছেন। তারা একটি আন্তর্জাতিক ব্যবসার মাধ্যমে একাধিক জায়গায় বিদেশি সম্পত্তি ক্রয় করে। বিদেশে মূলধন স্থানান্তর, বাণিজ্যিক প্লাজা, বাণিজ্যিক প্লট, ইসলামাবাদ এবং করাচিতে বিশাল খামারবাড়ি এবং লাহোরে একটি বিশাল রিয়েল এস্টেট পোর্টফোলিওর মালিক হন। পাকিস্তানের ভেতরে এবং বাইরে গড়ে তোলা বাজওয়ার পরিবারের জ্ঞাত সম্পদের পরিমাণ ১২ দশমিক ৭ বিলিয়ন রুপি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে ২০১৩ সালের সম্পদ বিবরণী তিনবার সংশোধন করেছেন কামার জাভেদ বাজওয়া।
আরও পড়ুন: ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিপাকে ৩ শিক্ষার্থী
এতে বলা হয়, ২০১৩ সালের সংশোধিত সম্পদ বিবরণীতে জেনারেল বাজওয়া লাহোরের ডিএইচএ এলাকায় একটি বাণিজ্যিক প্লট যুক্ত করেছিলেন। তার দাবি, আসলে তিনি ২০১৩ সালেই প্লটটি ক্রয় করেছিলেন, তবে সেটি সম্পদ বিবরণীতে যুক্ত করতে ভুলে গিয়েছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে সেনাপ্রধানের পূত্রবধূর কোনো সম্পদই ছিল না। কিন্তু এক মাসের ব্যবধানে একই বছরের নভেম্বরে তিনি বিলিয়নিয়ার হয়ে যান।
এদিকে, পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, বাজওয়ার পরিবারের সদস্যদের সম্পদের পরিমাণ এবং ট্যাক্সের বিষয়টি ফাঁস হলে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার সোমবার (২১ নভেম্বর) ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে কীভাবে এসব তথ্য ফাঁস হলো, সেটাও খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন তিনি।
]]>




