সার্বিয়ার রক্ষণদুর্গ ভাঙতে পারল না নেইমাররা
<![CDATA[
কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ সার্বিয়া। লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধের খেলায় একাধিক আক্রমণ চালিয়েও প্রতিপক্ষের রক্ষণদুর্গ ভাঙতে পারেননি নেইমাররা। সার্বিয়ার গোলরক্ষক গোলবারের নিচে ছিলেন যেন চীনের মহাপ্রাচীর হয়ে।
গ্রুপ ‘জি’ এর ম্যাচে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রথমার্ধের খেলা শেষে গোলশূন্য স্কোরলাইন নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল ও সার্বিয়া।
শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় ব্রাজিল। পাল্টা আক্রমণে সার্বিয়াও সুযোগ বুঝে ভীতি ছড়িয়েছে ব্রাজিলের রক্ষণে। ১৩তম মিনিটে ডি বক্সে ঢুকে গোলের সম্ভাবনা জাগিয়ে তোলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে সার্বিয়ার ডিফেন্ডারদের বাধায় তিনি বল সতীর্থদের পাস দিতে পারেননি। পরের মিনিটে বাঁ কর্নার থেকে দুর্দান্ত এক শট নেন নেইমার। আবারও কর্নারের বিনিময়ে সেটি ঠেকিয়ে দেন প্রতিপক্ষের মিলিনকোভিচ।
আরও পড়ুন: নেইমারের শার্ট খুলে ফেললেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়!
ম্যাচের ২১তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শট নেন ক্যাসেমিরো। তবে বল সরাসরি চলে যায় মিলিনকোভিচের বিশ্বস্ত গ্লাভসে। ২৫তম মিনিটে অ্যালিসন নৈপুণ্যে বিপদ থেকে হাফ ছেড়ে বাঁচে ব্রাজিল। সতীর্থের বাড়ানো পাস লাফিয়েও হেড দিতে ব্যর্থ হন সার্বিয়ান স্ট্রাইকার মিত্রোভিচ। গ্লাভসবন্দি করে নেন অ্যালিসন। এরপর টানা সার্বিয়ান রক্ষণদুর্গে আক্রমণ চালিয়ে যান তিতের শিষ্যরা।
২৭তম মিনিটে সিলভার পাস ডি-বক্সে ভিনিসিয়ুস দখলে নেওয়ার আগেই ঝাপিয়ে পড়ে ক্লিয়ার করেন মিলিনকোভিচ। ৩১ মিনিটে ডি-বক্সের বাঁ প্রান্ত থেকে রাফিনিয়ার বাড়ানো পাস পা বাড়িয়ে সিলভা স্পর্শ করার আগে গ্লাভসবন্দি করে নেন সার্বিয়ান বাজপাখি। আগের মিনিটে ক্যাসেমিরোর হেড গোলবারের সামনে থেকে ক্লিয়ার করে বিপদমুক্ত করেন প্রতিপক্ষের ডিফেন্ডার ভেলজকোভিচ। ৩৫ মিনিটে রাফিনিয়ার দুর্বল শর্ট পরাস্ত করতে পারেনি সার্বিয়ান গোলরক্ষককে।
আরও পড়ুন: দ্বিতীয়ার্ধে গোলবন্যা, ঘানার বিপক্ষে জিতল রোনালদোর পর্তুগাল
একের পর এক চাপ সামলে ৩৭ মিনিটে আক্রমণে ওঠে সার্বিয়া। ব্রাজিলের রক্ষণদুর্গে প্রবেশ করলেও তারা শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ৪১ মিনিটে গোলের দারুণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত গোলশূন্য স্কোরলাইন নিয়ে বিরতিতে যেতে হয় দুই দলকে।
দুই দলের এখন পর্যন্ত দুবারের দেখায় শতভাগ জয় ব্রাজিলের পক্ষে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সেলেসাওরা ২-০ গোলে হারিয়েছে সার্বিয়াকে। তার আগে ২০১৪ সালে প্রীতি ম্যাচের দেখায় ১-০ গোলে জয় তুলে নেয় ব্রাজিল।
]]>




