ভারতের ‘এ’ দলের বিপক্ষে খেলবেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার
<![CDATA[
ভারত ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৫ নভেম্বর) ১৪ সদস্যের ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ মিথুনের নেতৃত্বে যেখানে ডাক পেয়েছেন জাতীয় দলের একঝাঁক ক্রিকেটার।
একদিন আগেই বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভারতের মূল দলের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছিল বিসিবি। ১৬ সদস্যের সে দলে সুযোগ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে রাখা হয়েছে ভারত ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচেও।
এছাড়া ১৪ সদস্যের দলে সুযোগ পাওয়া ১১ জনই জাতীয় দলের নিয়মিত ও অনিয়মিত মুখ। নতুন করে জায়গা করে নিয়েছেন জাকের আলী অনিক, রেজাউর রহমান রাজা ও সুমন খান।
আরও পড়ুন: দারুণ জয়ের পর হারল সাকিবের দল
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ না হলেও, ‘এ’ দলের বিপক্ষে এ সিরিজটি জাতীয় দল থেকে ছিটকে পড়াদের জন্য প্রত্যাবর্তনের মঞ্চ। মুমিনুল হক, মোহাম্মদ মিথুন ও সাদমান ইসলামদের সুযোগ থাকছে জাতীয় দলের দরজায় কড়া নাড়ার। এখানে পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়তে পারলে তারা সুযোগ পেতে পারেন রোহিতদের বিপক্ষে টেস্ট সিরিজের স্কোয়াডে।
আরও পড়ুন: চমক রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
আগামী ২৯ নভেম্বর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে।
একনজরে বাংলাদেশ ‘এ’ দল: মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও সুমন খান।
]]>




