নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত
<![CDATA[
নরসিংদীর শিবপুরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপালী ব্যাংকের এক নারী কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নারী ব্যাংক কর্মকর্তার নাম আসমা আক্তার (৩৫)। তিনি রূপালী ব্যাংকের নরসিংদী করপোরেট শাখার সিনিয়র অফিসার ছিলেন। নরসিংদী শহরের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এ নারী কর্মকর্তা।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে স্বামী আশরাফুল ইসলামের সঙ্গে তার মোটরসাইকেলে কিশোরগঞ্জে যান আসমা আক্তার। সেখানকার হারুয়া এলাকার পাগলা মসজিদে নামাজ পড়ে বিকেলের দিকে বাড়িতে ফেরার উদ্দেশ্যে রওনা হন তারা। সন্ধ্যা ৭টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌঁছার পর তাদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান আশরাফুল ও আসমা। এ সময় গাড়িটি আসমাকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। স্থানীয় লোকজন দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন এবং আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্যে রাজধানীর জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠান।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১
শিবপুরের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ফারহানা আহমেদ জানান, আসমা আক্তার নামের ওই নারীকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আশরাফুল নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় অর্থোপেডিকস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানান, নারী ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
]]>




