আর্জেন্টিনাকে হারানোয় সৌদির খেলোয়াড়রা কি রোলস রয়েস পাচ্ছেন?
<![CDATA[
আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আরও বড় স্বপ্ন দেখছে সৌদি আরব। আর একটি ম্যাচ জিতলেই নকআউট নিশ্চিত করবে এশিয়ার দেশটি। বাকি ম্যাচগুলোতে ফলাফল যা-ই হোক না কেন, লাতিন আমেরিকার জায়ান্টদের হারানোয় খেলোয়াড়দের পুরস্কার দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমন সংবাদ ছড়িয়ে পড়েছে ইউরোপের সংবাদমাধ্যমে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানা গেছে, কাতার থেকে সৌদি আরবে ফিরলেই দলের প্রত্যেক ফুটবলারকে একটি করে রোলস রয়েস ফ্যান্টম উপহার দেবেন যুবরাজ। রোলস রয়েস ফ্যান্টম মডেলের প্রতিটি গাড়ির মূল্য প্রায় ৫ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫ কোট ৩১ লাখ টাকা। প্রসঙ্গত, এ বছরের শুরুর দিকে প্রকাশ্যে আসে রোলস রয়েস ফ্যান্টম সিরিজ-২।
নিঃসন্দেহে এটি একটি বড় পুরস্কার, যা শনিবার (২৬ নভেম্বর) রবার্ট লেওয়ানডোস্কির পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দেবে। এ ম্যাচে তারা জিতে গেলে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফেলবে। এমনটা হলে ১৯৯৪ সালের পর দেশটি ফের নকআউট পর্বে উঠবে।
আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিউনিসিয়া-অস্ট্রেলিয়া
কিন্তু যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, যুবরাজের কাছ থেকে রোলস রয়েস গাড়ি উপহার পাওয়ার বিষয়টি দেশটির খেলোয়াড়রা অস্বীকার করেছেন। সংবাদ সম্মেলনে স্ট্রাইকার সালেহ আল শেহরি নাকি বলেছেন, উপহারের খবরটি সত্য নয়। দেশের হয়ে লড়াই করতে এসেছেন তারা। এ জন্য নিজেদের সেরাটাই দেয়ার চেষ্টা করছেন তারা। আর এটাই সেরা অর্জন।
সৌদি আরবের কোচ হার্ভি রেনারও খবরটি অস্বীকার করেছেন। তিন বলেন, ‘এ খবরের সত্যতা নেই। আমাদের ফেডারেশন খুব সিরিয়াস। ক্রীড়া মন্ত্রণালয়ও খেলাধুলা নিয়ে খুবই সিরিয়াস। আর কোনো কিছু পাওয়ার সময়ও এখনও আসেনি। আমরা মাত্র একটা ম্যাচ জিতেছি। আরও গুরুত্বপূর্ণ ম্যাচ আছে সামনে। আমরা আরও জয় তুলে নিতে চাই।’
অবশ্য বিশ্বকাপে ভালো করলে সৌদি রাজপরিবারের উপহার দেয়ার নজির রয়েছে। ১৯৯৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল মধ্যপ্রাচ্যের দেশটি। সে ম্যাচে বিস্ময়কর একটি গোল করেন সাইদ আল ওয়াইরান। তখন ওয়াইরানকে রোলস রয়েস গাড়ি উপহার দিয়েছিল সৌদি রাজপরিবার।
আরও পড়ুন: পোল্যান্ডকে মেসিদের পরিণতি উপহার দিতে চায় সৌদি
এদিকে, কাতার বিশ্বকাপে অন্যতম বড় অঘটন ঘটিয়ে সৌদি আরব এখন ফুরফুরে মেজাজে রয়েছে। কিন্তু আত্মতুষ্ট হয়ে পড়লে পোল্যান্ডের কাজ সুবিধার হবে। গ্রুপে সৌদি আরব নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে আগামী বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে, প্রতিপক্ষ মেক্সিকো।
]]>




