ভ্যানে ৯৩ লাখ টাকার স্বর্ণ ফেলে পালাল চালক
<![CDATA[
যশোরে শার্শা উপজেলায় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে ৯টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় ওই ভ্যানচালক পলিয়ে যেতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৬ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আমড়াখালি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ওই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন এক কেজি এবং এর বাজার মূল্য ৯৩ লাখ ৫০ হাজার টাকা।
যশোর- ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপান খবর আসে- শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মিলন ওরফে ছোটবাবু ভ্যানের মধ্যে লুকিয়ে স্বর্ণ পাচার করেন। এরপর রাত ১১টার দিকে বিজিবির একটি দল যশোর-বেনাপোল সড়কের আমড়াখালি থেকে কাগজপুকুর রাস্তায় ভ্যানটি আটকে অভিযান চালায়। মিলন বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে আমড়াখালি চেকপোস্টের অদূরে ভ্যানটি ফেলে পালিয়ে যান।
আরও পড়ুন: মাত্র ১০ মিনিটে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুটে নেয় তারা
পরে বিজিবি সদস্যরা ভ্যানটি জব্দ করে। এরপর তল্লাশি চালিয়ে ভ্যানের কাঠের বাতার মধ্যে কৌশলে লুকিয়ে রাখা ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়।
উদ্ধার করা স্বর্ণের বারসহ মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
]]>




