সুইসদের বিপক্ষে নামার আগে নতুন দুশ্চিন্তায় ব্রাজিল
<![CDATA[
ইজনুরির কারণে নেইমার ও দানিলো দলে নেই। সুইজারল্যান্ডের বিপক্ষে সোমবার (২৮ নভেম্বর) মাঠে নামার আগে ব্রাজিল শিবিরে শোনা গেল আরও একটি দুঃসংবাদ; চোট পেয়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা।
জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। এই ম্যাচ জিতলে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত হবে লাতিন আমেরিকার জায়ান্টদের। তবে টিম ম্যানেজম্যান্ট চিন্তিত দলের ইনজুরি সমস্যা নিয়ে।
নেইমারের পাশাপাশি ছিটকে গেছেন রাইট ফুলব্যাক দানিলোও। তাই পাকুয়েতাকে প্লে মেকিং পজিশনে দিয়ে ফ্রেডকে সেন্ট্রাল মিডে খেলানোর পরিকল্পনার কথা শোনা যায়।
কিন্তু সংবাদ সংস্থা রয়টার্সের খবরে জানা গেছে, অসুস্থতার কারণে রোববার (২৭ নভেম্বর) পাকুয়েতা ভালো করে অনুশীলন করতে পারেননি। তার সামান্য অস্বস্তি রয়েছে। তবে কোথায় চোট রয়েছে সেটা বোঝা যায়নি। ব্রাজিলের আরেক তরুণ ফরোয়ার্ড অ্যান্তনিও অসুস্থ।
আরও পড়ুন: অপেক্ষা বাড়ল স্পেনের, আশা বাঁচিয়ে রাখল জার্মানি
এদিকে, দানিলোর জায়গায় রিয়াল মাদ্রিদে খেলা ফুটবলার এদের মিলিতাও মাঠে নামতে পারেন বলেও শোনা যাচ্ছিল। তিতের হাতে বিকল্প হিসেবে থাকছেন ৩৯ বছর বয়সী দানি আলভেজও।
আর পাকুয়েতা খেলতে না পারলে নেইমারের জায়গায় রদ্রিগো গোয়েসকে খেলানো হতে পারে। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এরই মধ্যে ভিন্ন ভিন্ন পজিশনে নিজের যোগ্যতা প্রমাণ দিয়েছেন। সেক্ষেত্রে মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে ফ্রেডকে খেলাতে পারেন কোচ।
তবে তিতে অবশ্য সেই বিষয়ে মন্তব্য করতে চাননি। বরং ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ বলেন, ‘আমরা বিকল্প ঠিক করে ফেলেছি। কিন্তু ম্যাচের আগে এ নিয়ে কথা বলব না।’
আরও পড়ুন: মেসির ভক্ত পাপন ব্রাজিলের সমর্থক
তিতে আরও বলেন, ‘আমার হাতে থাকা ফুটবলারদের বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেব। মিলিতাও এরইমধ্যে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। সে কেমন ফুটবলার সেটা আমরা জানি। দানি আলভেজ অভিজ্ঞ। দেখা যাক, কাকে খেলাই আমরা।’
]]>




