‘যে বুলেটে শেখ হাসিনা-রেহানা এতিম, সেই বুলেটে খালেদা বিধবা’
<![CDATA[
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘জেনারেল জিয়া যদি বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত না থাকতো তাহলে অন্য একটি খুনি চক্র তাকে হত্যা করার দুঃসাহস করতো না। ইতিহাস বড়ই নির্মম, সেইদিন বাঁচতে পারেননি জেনারেল জিয়াউর রহমান। যে বুলেট বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেটই বেগম খালেদা জিয়াকে বিধবা করেছে।’
মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী শিল্পকলা একাডেমি মাঠে নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর আমরা দেশের উন্নয়ন করে যাব, আমাদের কাজের মাধ্যমে আমরা তাদের জবাব দিয়ে যাব। আমরা মানুষের পাশে সব সময় আছি এবং আগামীতেও থাকব।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মুজিব কোট গায়ে দিলে শেখ মুজিব হওয়া যায় না। খুনি খন্দকার মোস্তাকও মুজিব কোট গায়ে দিয়েছিল, ৭৫ এর বিশ্বাসঘাতক সে। মুজিব সৈনিক হতে হলে মুজিবের আদর্শের সৈনিক হতে হবে। মানুষের সেবায় শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজকে দেশের অল্প আয়ের মানুষ কষ্টে আছে, এটা বৈশ্বিক পরিস্থিতির শিকার। ইনশাআল্লাহ শেখ হাসিনার প্রচেষ্টায় এ দুঃসময় কেটে যাবে, সুদিন আসবে, আপনার ধৈর্য ধরেন।’
আরও পড়ুন: আমার দাদারাও যা দেখেননি, তাই দেখাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি মাঠে সকালে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম।
নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী প্রমুখ।
]]>




