কুষ্টিয়ায় আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষ
<![CDATA[
কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারাগুনিয়া বাজার এলাকায় দুপক্ষের কয়েকজনের সংঘর্ষ বাধে। পরে সম্মেলন এলাকা থেকে বিএনপির আরও লোক এসে ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমান জানান, তারাগুনিয়া থানার মোড়ের দিকে বিএনপির কর্মসূচি ছিল। অশালীন ভাষা ব্যবহার করে মিছিল করে যাচ্ছিল বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় তারাগুনিয়া বাজারে অবস্থানরত আওয়ামী লীগ সমর্থনকারীরা তার প্রতিবাদ করলে গন্ডগোল শুরু হয়।
জানা গেছে, দুপক্ষের কয়েকজনের মধ্যে গন্ডগোল শুরু হলে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হামলা চালায়। তারাগুনিয়া বাজারের চার রাস্তার মোড়ে সংঘর্ষ চলে অন্তত আধঘণ্টা। এতে বেশ কয়েকজন আহত হলেও হাসপাতালে ভর্তির খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু বৃহস্পতিবার
উপজেলা বিএনপির একাধিক সূত্র সংঘর্ষের কথা নিশ্চিত করেছেন।
একদিকে সংঘর্ষ চললেও অন্যদিকে চলেছে দৌলতপুর উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন। এতে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি দলীয় প্রায় ৩ হাজার নেতাকর্মী উপস্থিত হন।
তবে, এসব প্রসঙ্গ সবই মিথ্যা বলে দাবি করেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান। তার মতে, এমন কোনো ঘটনাই ঘটেনি।
জানা গেছে, ওসি মজিবুর রহমান নিজেও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কর্মী সম্মেলনে পুলিশের অনুমতি নেয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে পুলিশ।
]]>




