প্রধানমন্ত্রীর আগমনে চট্টগ্রাম নগরীজুড়ে সাজসাজ রব
<![CDATA[
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে ১০ বছর পর রোববার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের জনসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় সভানেত্রীর আগমন উপলক্ষে নগরীজুড়ে সাজসাজ রব।
ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থলসহ আশপাশের এলাকা। চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে জনসভা কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকার সড়কের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি ফুটপাত পরিষ্কার, রং করা, ফ্লাইওভারগুলো আলোকসজ্জিত করা হয়েছে।
জনসভা মাঠে নৌকার আদলে পুরোপুরি প্রস্তুত জনসভার মঞ্চ। ১৬০ ফুট দীর্ঘ এ মঞ্চে বসতে পারবেন ২০০ অতিথি।
এদিকে জনসভা ঘিরে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
আরও পড়ুন: রোববার চট্টগ্রামে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে চট্টগ্রাম মহানগর জনসমুদ্রে পরিণত হবে। মাঠের ভেতরের থেকে বাইরে আট থেকে ১০ গুণ বেশি মানুষের উপস্থিতি থাকবে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রাম আওয়ামী লীগ ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। এরই মধ্যে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সমাবেশে ১০ লাখ লোকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু মহানগর নয়, জেলা, উপজেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর আগমনে মুখরিত হয়ে উঠবে পলোগ্রাউন্ড মাঠ। দলীয় সভানেত্রীকে একনজর দেখতে মুখিয়ে আছে তৃণমূলের নেতাকর্মীরা।
]]>




