প্রকাশ পেয়েছে ফখরুল হাসানের প্রথম গান
<![CDATA[
কবি, কথাসাহিত্যিক ফখরুল হাসানের লেখা প্রথম গান ‘তোর আকাশে ওড়ার আগে’ প্রকাশ পেয়েছে ৩ ডিসেম্বর সন্ধ্যায়। লায়নিক মিউজিক চ্যানেলের ব্যানারে গানটি প্রকাশ হয়।
এর মধ্য দিয়ে গীতিকার হিসেবে নাম লেখালেন কবি, কথাসাহিত্যিক ফখরুল হাসান। গানটির সুর করেছেন কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক এবং গেয়েছেন কামরুজ্জামান রাব্বি।
গীতিকার ফখরুল হাসান বলেন, “আমি কবিতার মানুষ। কবিতাচর্চা করাই আমার ধ্যান-জ্ঞান। বড় ছেলে সোহান হাসানের উৎসাহে কিছু গান লিখেছি। প্রকাশ হবে বা কেউ গাইবে এমন চিন্তা কখনো করিনি। এক রাতে কবি, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী অতনু তিয়াসকে গানটি দেখাই। তিনি প্রশংসা করেন। তারপর কথা প্রসঙ্গে কবি ও সাংবাদিক খান মুহাম্মদ রুমেলকে লিরিকটি দেখাই। তিনি বলেন, ‘আপনার গানটি প্রকাশ করা উচিত।’”
আরও পড়ুন: স্বাধীন বাংলায় বরিশালের প্রথম ব্যান্ড ক্রিডেন্সের ভোকালিস্ট টুটুল আর নেই
তিনি আরও বলেন, ‘কবি ও চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক লিরিক দেখে সুর করার সিদ্ধান্ত নেন। তারপর গানটি লায়নিক মিউজিক পছন্দ করে। এভাবেই প্রথম গানের আত্মপ্রকাশ। আশা করি রোমান্টিক ধারার ফোক গানটি শ্রোতারা পছন্দ করবেন।’
মাসুদ পথিক বলেন, ‘গানের লিরিকটা আমার খুব ভালো লেগেছে বলেই গানটির সুর করতে উদ্বুদ্ধ হয়েছি। তা ছাড়া কবি ফখরুল হাসানেরও লেখা প্রথম লিরিকস। আমি পেশাদার সুরকার নই, শখের বসে নিজের লেখা কিছু গান সুর করে থাকি, এই গানের কথাগুলো খুবই ভালো লেগেছে। প্রথম নিজের লেখা গানের বাইরে সুর করলাম। গানটি শিল্পী কামরুজ্জামান রাব্বির কণ্ঠে শুনে মুগ্ধ হয়েছি। ফলে আমি মনে করি, গানটি দর্শকনন্দিত হবেই।’
আরও পড়ুন: শুভ জন্মদিন তানজীব সারোয়ার
শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘তোর আকাশে ওড়ার আগে’ শিরোনামে আমার গাওয়া গানটি শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস। এই গানটি শ্রোতারা পছন্দ করবেন। কারণ, কামরুজ্জামান রাব্বির গান শুনেন যারা, তারা একটু হলেও ভিন্নরকম স্বাদ পাবেন। আমার কাছে মনে হয়েছে গতানুগতিক গানের থেকে নিঃসন্দেহে একটু আলাদা।’
গানটার সংগীত আয়োজন করেছেন রাজ হৃদয়। সবকিছু মিলে গানটি অসাধারণ হয়েছে। গানের ভিডিও করেছেন লায়নিক মিউজিক।
]]>



