অভিষেকেই বাজিমাত, ৭ ইংলিশকে পকেটে পুরলেন আবরার
<![CDATA[
পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টেই বাজিমাত করেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। একাই ধসে দিয়েছে ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। নিজের ঝুলিতে পুরেছেন প্রতিপক্ষে প্রথম ৭ ব্যাটারকে। আর তাতে প্রথম দিনের দুই সেশনেই গুঁড়িয়ে যায় বেন স্টোকসরা।
মুলতানে শুক্রবার (০৯ ডিসেম্বর) আবরারে স্পিন বিষে নাস্তানাবুদ হয়ে ৫১.৪ ওভার মোকাবিলায় ইংলিশদের ইনিংস থামে ২৮১ রানে। প্রতিপক্ষের বাকি ৩ উইকেট তুলে নেন আরেক লেগ স্পিনার জাহিদ মাহমুদ।
দিনশেষে ১৭৪ রানে পিছিয়ে আছে পাকিস্তান। ২৮ ওভার মোকাবিলায় ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১০৭ রান। অধিনায়ক বাবর আজম ৬১ ও সৌদ শাকিল অপরাজিত আছেন ৩২ রানে।
আরও পড়ুন: শেষ ম্যাচে ভারত দলে কুলদ্বীপ
টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। জ্যাক ক্রলি ও বেন ডাকেটের উদ্বোধনী জুটি ৯ ওভারের মধ্যেই ৩৮ রান তুলে ফেলে। এরপর আবরার আহমেদ এসে ভেঙে দেন তাদের জুটি। দ্বিতীয় উইকেট জুটিতে ফের আধিপত্য বিস্তার করে দ্রুত গতিতে দলকে শতরান এনে দেন বেন ডাকেট ও ওলি পোপ। তবে দুই হাফ সেঞ্চুরিয়ানকে আর সেঞ্চুরির পথে এগোতে দেননি আবরার। লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বেন ডাকেটকে। ৯ চার ও ১ ছক্কার মারে ৪৯ বলে তার ইনিংস থামে ৬৩ রানে।
৫ চারের মারে ৬১ বলে ৬০ রান করা পোপ সাজঘরে ফেরেন আব্দুল্লাহ শফিকের হাতে ক্যাচ দিয়ে। মাঝে আবরারের লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন জো রুট। ১১ বলে ৮ রান করেন তিনি। ১৬৪ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড পরবর্তী ৩ উইকেট হারান ৬৭ রানে। সবকটি উইকেট একাই তুলে নেন আবরার। তার বলে পরাস্ত হয়ে মাঠ ছাড়েন হ্যারি ব্রুক (৯), বেন স্টোকস (৩০) ও উইল জ্যাকস (৩১)। পাকিস্তানি কোনো বোলারের অভিষেকে ৭ উইকেটের এটি তৃতীয় ঘটনা। আগের কীর্তি দুটি মোহাম্মদ নাজির (১৯৬৯) ও মোহাম্মদ জাহিদের (১৯৯৬)।
আরও পড়ুন: তোপের মুখে রোহিতরা, বাংলাদেশের কাছে হারের কারণ জানতে চায় বোর্ড
এদিকে কোনো দলের প্রথম সাত ব্যাটসম্যানকেই শিকারের এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে ঘটেছে দ্বিতীয়বার। এর আগে টেস্ট অভিষেকে এই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন। ১৯৫০ সালে তিনিও এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষেই।
পাকিস্তানের হয়ে বাকি কাজটা সেরে নেন জাহিদ মাহমুদ। পরপর দুই বলে ওলি রবিনসন ও জ্যাক লিচকে ফিরিয়ে তিনি সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাটট্রিকের। শেষ পর্যন্ত ২৮১ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। কোনো রান তোলার আগেই জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার ইমাম-উল-হক। আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক বিদায় নেন ৪৪ বলে ১৪ রান করে। এরপর অবশ্য আর কোনো বিপদ হতে দেননি শাকিল ও বাবর।
]]>




