সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের ইংলিশ পরীক্ষা
<![CDATA[
বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অন্যতম ফেবারিট ইংল্যান্ডের মুখোমুখি বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাতারের আল বায়েত স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (১০ ডিসেম্বর) রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ এ লড়াই।
ব্রাজিল ও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালের পর সামনে এল আরও এক মেগা কোয়ার্টার ফাইনালের লড়াই৷ হাইভোল্টেজ ম্যাচে দুই ইউরোপিয়ান জায়ান্টের টক্কর৷ ফ্রান্স খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
রহিম স্টার্লিং ব্যক্তিগত সমস্যায় বিশ্বকাপের মাঝেই দেশে ফিরেছিলেন। পরে অবশ্য কাতারে ফিরে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন। তেমনই মাঝে এমবাপ্পে অনুশীলন না করায় ফরাসি শিবিরে তাকে নিয়ে ধোঁয়াশা ছিল। এখন অবশ্য পরিস্থিতি পরিষ্কার। শেষ আটে ফুল ফিট স্কোয়াড পাচ্ছে দুদলই।
পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। পোলিশদের বিপক্ষে ৩-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের ৪৪তম মিনিটে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন অলিভিয়ের জিরুদ। বক্সের মধ্যে জিরুতকে বল দেন কিলিয়ান এমবাপ্পে। বাঁ পায়ের শটে শেজনিকে পরাস্ত করে গোল করেন জিরুদ। এ বারের বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। জিরুদ ছাড়া ফ্রান্সের হয়ে বাকি দুটি গোল করেন এমবাপ্পে। ৭৪তম মিনিটে প্রথম গোল করেন তিনি। জিরুদ বল বাড়ান ডান প্রান্তে থাকা দেম্বেলেকে। অরক্ষিত জায়গায় থাকা এমবাপ্পেকে বল দেন তিনি। নিজের সময় নিয়ে ডান পায়ের জোরালো শটে শেজনিকে পরাস্ত করেন এমবাপ্পে।
আরও পড়ুন: আর্জেন্টিনার বিজয়োল্লাসের দিনে হতাশ নেইমার ভক্তরা
এবার সেমিতে উঠার লড়াইয়ে নামার আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেন, ‘আমি জানি, কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে ইংল্যান্ড বিশেষ পরিকল্পনা তৈরি রাখবে। আগের চার প্রতিপক্ষও তাই করেছিল। এমবাপ্পের মধ্যে পার্থক্য গড়ে দেয়ার সেই ক্ষমতা রয়েছে। গত ম্যাচে নিজের সেরা ছন্দে ছিল না এমবাপ্পে। তারপরও কিন্তু ম্যাচে পার্থক্য় গড়ে দিয়েছিল। এমবাপ্পে সব সময়ই এমবাপ্পেই। সে যেকোনো দলের সঙ্গে পার্থক্য় গড়ে দেবে।’
এদিকে ফ্রান্স যেমন গতবারের চ্যাম্পিয়ন, তেমনই গতবারের সেমিফাইনালিস্ট এবং গত কয়েক বছরে অন্যতম ধারাবাহিক দল ইংল্যান্ড। এবার বিশ্বকাপে একঝাঁক তরুণ স্ট্রাইকার নিয়ে ইংল্যান্ড অনবদ্য খেলছে। নকআউটে গোল করেছেন অধিনায়ক হ্যারি কেইনও।
সেনেগালকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয় ইংল্যান্ড। নকআউট পর্বের ম্যাচে তেরাঙ্গার সিংহদের ৩-০ গোলে হারায় ইংলিশরা। তাদের হয়ে গোল করেন জর্ডান হেন্ডারসন, হ্যারি কেইন ও বুকায়ো সাকা। এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের জার্সিতে প্রথম গোল করলেন অধিনায়ক হ্যারি কেইন।
আরও পড়ুন: যে কারণে এমবাপ্পেকে অভিনন্দন জানালেন পেলে
রহিম স্টার্লিং ফিরে আসায় স্বস্তিতে ইংল্য়ান্ড শিবির। গ্যারেথ সাউথগেট ফুল টিম পাচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই কিছু না কিছু পরিবর্তন করেছেন। স্টার্লিং ফিরলেও তাকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা ক্ষীণ। গ্যারেথ সাউথগেট এই ম্যাচে অন্তত উইনিং কম্বিনেশন ভাঙবেন না এমনটাই মনে করা হচ্ছে। দলের ফুটবলারদের সাউথগেটের বার্তা, ভয়ডরহীন খেলার।
দীর্ঘদিনের লড়াইয়ের দুপক্ষ ফ্রান্স ও ইংল্যান্ড। ১৯২৩ থেকে এখনো পার্যন্ত ৩১ বার মুখোমুখি হয়েছে দুই জায়ান্ট৷ এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ১৭ বার আর ফ্রান্স ৯ বার।
]]>




