হাসপাতালে ঘুরে বেড়ায় ছাগল!
<![CDATA[
বহুমুখী সমস্যা আর অব্যবস্থাপনায় জর্জরিত চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল। তারমধ্যে নতুন বিড়ম্বনা যোগ হয়েছে হাসপাতালের ভেতরে ও বাইরে ছাগলের অবাধ বিচরণ। এতে বিড়ম্বনায় পড়ছেন রোগীরা।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে মানুষের তিল ধারণের ঠাঁই নেই, সেখানে বারান্দায় অবাধে ঘুরে বেড়াচ্ছে ছাগল। যাচ্ছে ওয়ার্ডের এক জায়গা থেকে অন্য জায়গায়।
ডায়রিয়া ওয়ার্ডে হাসপাতালে রোগী দেখতে আসা আব্দুস সোবহান বলেন, গত তিন-চার দিন থেকে দেখছি হাসপাতালের ভেতরে অবাধে ছাগল ঘুরে বেড়াচ্ছে। তাও আবার ডায়রিয়া ওয়ার্ডের ভেতরে। এতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
আরও পড়ুন: অদ্ভুত দুই ছাগলছানা!
হোসনেয়ারা নামে আরেক রোগীর স্বজন জানান, ডায়রিয়া ওয়ার্ডে এমনিতে থাকার জায়গা নাই। শিশুদের নিয়ে সবাই মেঝেতেই থাকছে। তারপরে আবার ছাগল ঢুকে মল-মূত্র ত্যাগ করছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজ জানান, গেটম্যান না থাকায় প্রায়ই এ ঘটনাগুলো ঘটছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান করা হবে।
]]>




