চীনের অনুরোধে গ্যাস সরবরাহ বাড়িয়েছে রাশিয়া
<![CDATA[
চীনে গ্যাস সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া। মূলত চীনের অনুরোধের পরিপ্রেক্ষিতেই গ্যাসের প্রবাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম।
রুশ সংবাদমাধ্যম আরটি এর সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি গ্যাজপ্রম তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাসের সরবরাহ বাড়ানো হয়েছে। এর মধ্যে ৭ ডিসেম্বর সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করা হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, ডিসেম্বর মাসে চীনে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাস রফতানি করার কথা ছিল। কিন্তু দেশটির অনুরোধে তা বাড়ানো হয়েছে। বর্তমানে চুক্তির চেয়ে ১৬ দশমিক ১ শতাংশ বেশি গ্যাস সরবরাহ করা হচ্ছে।
একটি দ্বিপাক্ষিক দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ করে রাশিয়া।
আরও পড়ুন: নেদারল্যান্ডসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে খাদ্যমূল্য
এর আগে ৭ ডিসেম্বর চীনা নির্মাণ কোম্পানি পাইপচীন দুই দেশের মধ্যে থাকা ইস্ট রুটের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মূল অংশের কাজ শেষ হওয়ার ঘোষণা দিয়েছিল। এই পাইপলাইন দিয়ে চীনের পূর্ব পাশে অবস্থিত অর্থনৈতিক শহর সাংহাইতে গ্যাস সরবরাহ করতে পারবে রাশিয়া।
২০১৯ সালের ডিসেম্বর মাসে ইস্ট রুটের প্রাকৃতিক গ্যাস পাইপলাইনটি আংশিকভাবে চালু করা হয়েছিল। এ পাইপলাইন দিয়েই প্রথমবারের মতো চীনে গ্যাস সরবরাহ করেছিল রাশিয়া। সাইবেরিয়া পাইপলাইন রাশিয়ার ৩ হাজার কিলোমিটার জায়গাজুড়ে রয়েছে আর এ পাইপলাইনের ৫ হাজার ১১১ কিলোমিটার অংশ রয়েছে চীনে।
২০২৪ সাল থেকে এ মেগা পাইপলাইনটি চীনে বার্ষিক ৩৮ বিলিয়ন ঘনমিটার রাশিয়ান প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে। এটি ২০১৪ সালের মে মাসে চীন ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন ও গ্যাজপ্রমের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ৪০০ বিলিয়ন ডলারের একটি চুক্তির অংশ।
]]>




