ভূমি কর্মকর্তাকে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
<![CDATA[
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জসিম উদ্দিনকে পিটিয়ে আহতের ঘটনায় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে মারধরের এ ঘটনা ঘটে।
আহত সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বাদী হয়ে রাতেই উলিপুর থানায় চেয়ারম্যান আতাউর রহমান আতা (৫০), শাহ আলম (৫৫) ও অজ্ঞাতনামা ১ জনসহ ৩ জনের নামে মামলা করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি চেয়ারম্যান-মেম্বার গ্রেফতার
এলাকাবাসী ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার শ্যালক শাহ আলমকে নিয়ে থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে যান। তার শ্যালক ৮ শতক জমি খারিজ ও খাজনা বিষয়ে অন্যায় আবদার করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যান ও তার শ্যালক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিনকে গালিগালাজ ও বেধড়ক মারপিট করেন। এ সময় ৩৩ হাজার ৩১০ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে প্রাণনাশের হুমকি দেন তারা। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে যান এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আরও পড়ুন: পিরোজপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার শ্যালক শাহ আলমের ৮ শতক জমির খারিজ ও খাজনা নিতে ৬ মাস ধরে হয়রানি করছেন। আমি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার শ্যালকের সঙ্গে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। তবে আমি মারধর করিনি কেবল গালিগালাজ করেছি।’
উপজেলা সহকারী কমিশনার কাজী মাহমুদুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উপস্থিত মানুষজনের কাছে ঘটনা শুনি। পরে আহত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান সময় সংবাদকে মামলার বিষয়টি জানিয়েছেন।
]]>




