হাতির আক্রমণে অতিষ্ঠ নেত্রকোনার পাহাড়ি জনজীবন
<![CDATA[
নেত্রকোনার পাহাড়ি সীমান্ত দুর্গাপুরের বিজয়পুরে কয়েক দিন ধরে চলছে হাতির তাণ্ডব। হাতির আক্রমণে একজনের মৃত্যুর পর চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তে বসবাসকারী আদিবাসীসহ বাঙালি শতাধিক পরিবারের।
আগুন জ্বালিয়ে হাতিকে তাড়িয়ে দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে এক সপ্তাহ ধরে রাতের বেলায় বাড়িঘরে এসে হামলা চালাচ্ছে হাতির দল। ভেঙে ফেলেছে বেশ কয়েকটি আদিবাসী বাড়িঘর। নষ্ট করে ফেলেছে ঘরে তোলা নতুন ধান। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকেই। এ অবস্থায় সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানের মৌসুম এলেই সীমান্তে বাড়ে বন্যহাতির তাণ্ডব। প্রতিদিন সন্ধ্যা হলেই দলবেঁধে নেত্রকোনার দুর্গাপুরের সীমান্তঘেঁষা কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর সীমান্ত, প্রেম বাজার, আদাপাড়াসহ বিভিন্ন গ্রামে নেমে আসছে বন্যহাতির পাল। পাকা ধানসহ খেয়ে ফেলছে সবজি। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় দেখা যায় তাদের প্রবেশ। এরপর স্থানীয়রা আগুন জ্বালিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হাতি আক্রমণ চালালে বনেশ রিচিল নামে এক বৃদ্ধ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ পাঠান চিকিৎসক। পরদিন সকালে তার মৃত্যু হয়।
এদিকে ওইদিন রাত থেকেই হাতির দল এসে আগুন দেয়া কৃষকদের ঘরবাড়ি বিধ্বস্ত করছে, নষ্ট করছে অসংখ্য জমির পাকা ধান ও সবজি ক্ষেত। এরপর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খোলা আকাশের নিচে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলো।
আরও পড়ুন: খাদ্য সংকটে লোকালয়ে বন্য হাতির হামলা
ক্ষতিগ্রস্তরা জানান, কয়েক বছর ধরে হাতিগুলো বর্ষা ও শীত মৌসুমে ভারতীয় সীমান্ত পার হয়ে প্রবেশ করে বাংলাদেশে। তাড়ানোর চেষ্টা করলে উল্টো আক্রমণের শিকার হতে হয় বলেও স্থানীয়দের অভিযোগ। এতে হাতির পায়ে পিষ্ট হয়ে নিহত হয়েছেন তাদের একজন। এ ছাড়া কলমাকান্দা পাঁচগাঁও সীমান্তেও এ সময় নেমে আসে বন্যহাতির দল।
অন্যদিকে স্থানীয় একটি সূত্র জানায়, দুর্গাপুর এবং কলমাকান্দা সীমান্তের যেসব স্থান দিয়ে চোরাচালানের পথ রয়েছে, সেগুলো দিয়েই হাতি বাংলাদেশে প্রবেশ করে।
এদিকে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধিতে নানা পদক্ষেপ নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। তাৎক্ষণিকভাবে ইউএনও গিয়ে মৃতের পরিবারকে নগদ অর্থসহায়তা দিয়েছেন।
আরও পড়ুন: নেত্রকোনায় হাতির আক্রমণে আহত কৃষকের মৃত্যু
তিনি আরও জানান, বন বিভাগকেও কার্যকরী পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, হাতির আক্রমণে গত ৮ ডিসেম্বর দুর্গাপুরে এক কৃষক এবং ১৫ নভেম্বর কলমাকান্দার পাঁচগাঁও সীমান্তে অপর এক কৃষকের মৃত্যু হয়।
]]>




