রমিজের বিদায়, পিসিবির দায়িত্ব পেয়ে নিজের মনোভাব জানালেন নাজাম
<![CDATA[
এশিয়া কাপ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু এখানে ভারত জড়িত, তাই সিদ্ধান্তটা আসতে হবে সরকারের পক্ষ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একক সিদ্ধান্তে কিছুই হবে না। দায়িত্ব নিয়ে এশিয়া কাপ আয়োজন নিয়ে নিজের মনোভাবের কথা এভাবেই গণমাধ্যমে জানিয়েছেন পিসিবির নতুন চেয়ারম্যান নাজাম শেঠি। আগের টার্মে যা হয়েছে, তার সব কিছু বাতিলের খাতায় রাজি নন নাজাম। বিবেচনা করবেন প্রত্যেকটি সিদ্ধান্ত।
ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ নিয়ে গুঞ্জন। একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পিসিবির প্রধানের পদ হারিয়েছেন রমিজ রাজা। নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।
তাকে প্রধান করে বুধবার (২১ ডিসম্বর) ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির অনুমোদন করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার হস্তক্ষেপের পরদিন দায়িত্ব বুঝে নিলেন নাজাম। সংবাদ মাধ্যমে পাকিস্তান ক্রিকেট নিয়ে নিজের মনোভাব প্রকাশ করেন পিসিবির নতুন চেয়ারম্যান।
ভারত-পাকিস্তান, উপমহাদেশের ক্রিকেট বাস্তবতায় সবচেয়ে বড় দুটি দল। একই সঙ্গে বৈরি রাজনৈতিক পরিস্থিতির কারণে ভয়াবহ দুই প্রতিদ্বন্দ্বী। এই দুই দেশের ক্রিকেট মানেই সমর্থকদের মাঝে আলাদা আলোচনা, উন্মাদনা। বিজ্ঞাপণের বাজারে অর্থের ছড়াছড়ি। আইসিসি, এসিসির লাভের অঙ্ক ফুলেফেঁপে উঠা।
কিন্তু বাস্তবতা হচ্ছে, আইসিসি আর এসিসির ইভেন্ট ছাড়া কোনো ম্যাচে পাওয়া যায় না দল দুটিকে। দর্শক-সমর্থকদের কথা ভেবে বিভিন্ন জায়গা থেকে মন গলানোর চেষ্টা করলেও আখেরে লাভ হয়নি কোনো।
আরও পড়ুন: দলবদলের বাজারে ব্যস্ত ইউরোপের বড় ক্লাবগুলো
তবে সেখানেও এসেছিল ঝামেলা। এসিসির ক্যালেন্ডার বলছে, এবার এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে যেতে নারাজ। পিসিবির সদ্য সাবেক চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন, তাহলে ২০২৩ সালের বিশ্বকাপে ভারতে যাবে না ম্যান ইন গ্রিনরা। এ অবস্থাতেই ঝুলছিল এশিয়া কাপের ভাগ্য।
যদিও এবার একটু আশাবাদী হতে পারেন সমর্থকরা। নতুন চেয়ারম্যানের চেয়ারে বসেই কিছুটা ভিন্ন সুরে কথা বললেন নাজাম শেঠি। নিশ্চয়তা না মিললেও ইতিবাচক সুর ছিল তার কথায়।
নবনিযুক্ত পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমি এত তাড়াতাড়ি এশিয়া কাপ নিয়ে মন্তব্য করতে পারবো না। আমাকে নিজেদের মধ্যে এটা নিয়ে বসতে হবে। তবে নিশ্চয়তা দিচ্ছি কোনো হঠকারি সিদ্ধান্ত আমরা নেবো না। আর এখানে ভারত জড়িত। তাই যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের পক্ষ থেকে। আমরা নিজেরা রিভিউ করে সরকারের কাছে পাঠাবো। তারা যা বলবে, সেভাবেই সব হবে।’
রমিজ রাজার সময়ে আসেনি কোনো ট্রফি। আইসিসি, এসিসির ইভেন্ট থেকেও দল ফিরেছে খালি হাতে। তাই দায়িত্ব নিয়েই আমূলে বদলে দেয়ার পরিকল্পনা চেয়ারম্যানের। তবে নিউজিল্যান্ডগামী দলে করতে চান না কোনো হস্তক্ষেপ।
আরও পড়ুন: সময়টা স্বপ্নের মতো কাটছে: দিবালা
নাজাম শেঠি বলেন, ‘দেখুন, এরইমধ্যে একটা স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। এখন সেখানে নাক গলানো উচিত হবে না। এতে ক্রিকেটারদের স্থিতিশিলতা নষ্ট হবে। যদি দল ঘোষণা বাকি থাকতো, তাহলে আমি অবশ্যই আমার মতামত জানাতাম। কিন্তু এখন আর সে সুযোগ নেই। তবে ভবিষ্যতে আমরা অবশ্যই সিরিজের আগে দল নিয়ে বসবো। আগে যা হয়েছে, তার সব বদলে দেবো বলছি না, তবে অবশ্যই আলোচনা হবে সব কিছু নিয়ে।’
এর আগে ২০১৩ থেকে ২০১৮ সালের আগস্ট পর্যন্ত পিসিবির দায়িত্ব সামলিয়েছিলেন নাজাম শেঠি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব নিলে পদত্যাগ করেন তিনি।
]]>




