পশ্চিম আফ্রিকায় মাইন বিস্ফোরণে নিহত ১০
<![CDATA[
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলে রাস্তার ওপর রাখা একটি মাইন চলন্ত বাসের ধাক্কায় বিস্ফোরিত হয়। এতে ওই বাসের ১০ যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) আঞ্চলিক গভর্নর কর্নেল হুবার্ট ইয়ামিওগো এ তথ্য নিশ্চিত করেন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে আঞ্চলিক গভর্নর বলেন, রোববার (২৫ ডিসেম্বর) বিকেলের ওই দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে এ অঞ্চলের প্রধান শহর ফাদা নগুরমার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য যাত্রীরা নিখোঁজ রয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮
একটি ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্র জানিয়েছে, শনিবার (২৪ ডিসেম্বর) বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি রাস্তায় এক বিস্ফোরকের আঘাতে দুই সেনা নিহত হওয়ার পর এ ঘটনাটি ঘটে।
২০১৫ সাল থেকেই ওই অঞ্চলে আল-কায়েদা ও আইএস (ইসলামিক ষ্টেট) গোষ্ঠীর সঙ্গে যুক্ত সশস্ত্র জিহাদিদের সক্রিয় তৎপরতা ও হামলা অব্যাহত আছে। এসব হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে। বিশেষ করে জিহাদিদের সঙ্গে যুদ্ধরত মালি ও নাইজার সীমান্তবর্তী উত্তর ও পূর্বাঞ্চলে নিরাপত্তাহীনতা বেড়ে চলেছে।
আরও পড়ুন: বুরকিনা ফাসো থেকে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা বহিষ্কার
বুরকিনা ফাসোর ক্ষমতাসীন সামরিক জান্তার প্রধান ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে জিহাদিদের দখলে থাকা এলাকা পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়েছেন। জিহাদি হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতি জনগণের ক্ষোভ, চলতি বছর বুরকিনা ফাসোয় দুটি সামরিক অভ্যুত্থানে মুখ্য ভূমিকা পালন করেছে।
]]>




