ব্রাহ্মণবাড়িয়ায় সওজের উচ্ছেদ অভিযান
<![CDATA[
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা থেকে ঘাটুরা পর্যন্ত মহাসড়কের এক কিলোমিটার অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। বিকেল পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহাম্মেদ।
মীর নিজাম উদ্দিন আহাম্মেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি বেহাত হয়ে অবৈধ দখলদারদের জিম্মায় ছিল। সেই সম্পত্তিগুলো উদ্ধারের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়। মোট ২২০টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে। এতে সড়ক ও জনপথ বিভাগের ১৭৮ শতাংশ জমি দখলমুক্ত হবে। উচ্ছেদের পর সড়কটি ফোর লেনের জন্য প্রস্তাবনা দেয়া হবে। এটি হলে এ এলাকার মানুষের অনেক উপকার হবে। পাশাপাশি যানজট নিরসন হবে বলেও আমরা মনে করি।’
আরও পড়ুন: চাঁদপুরে রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
অভিযানে দায়িত্বে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম মোস্তফা মুন্না বলেন, ‘সিলেট-চট্টগ্রাম ফোর লেনের কাজের জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। অধিকাংশ স্থাপনা দখলদাররা নিজ দায়িত্বে সরিয়ে নিয়েছেন। যারা ছিলেন তাদের আজ (বুধবার) উচ্ছেদ করা হচ্ছে। শান্তিপূর্ণভাবেই অভিযান চলছে। এর মধ্যে কিছু স্থাপনার দখলদার হাইকোর্টের কাগজ দেখিয়েছেন। আজকের মধ্যে সেসব কাগজপত্র যাচাই করা হবে। যদি মামলার কাগজ থাকে তাহলে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। আর যদি কাগজ ঠিক না থাকে তাহলে আমরা উচ্ছেদ করব।’
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে অবৈধ ঝুপড়ি দোকান উচ্ছেদ
ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ এমরান হোসেন বলেন, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলার পরিস্থিতি যেন অবনতি না হয়, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযান শেষ না হওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
]]>




